ফরিদপুরের সালথায় হাত-পা বিচ্ছিন্ন এবং শরীরের বিভিন্নস্থানে গুরুতর আঘাতের চিহ্নসহ পান্নু ফকির ওরফে জামু ফকির (৪২) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার কুমারকান্দা এলাকার একটি সড়কের ওপর মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত পান্নু কুমারকান্দা গ্রামের রহমান ফকিরের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে তিনি একটি জমিজমা-সংক্রান্ত সালিশ বৈঠকে অংশ নিয়েছিলেন। পরে বাড়ি ফেরার পথে তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, রাস্তার পাশের একটি পাটক্ষেতে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে হত্যাকারীরা মরদেহটি সড়কের ওপর ফেলে রেখে যায়।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর মরদেহটি সড়কের ওপর ফেলে রাখা হয়েছে। তার শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তিনি আরও জানান, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।
