মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা সীমান্তে বিএসফ কর্তৃক ৭ জনকে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা। গতকাল ভোরে বিএসএফ ৭ জনকে অবৈধভাবে ঠেলে দেয়ার চেষ্টা করলে, বিজিবি স্থাানীয়দের সহযোগিতায় বাধা হয়ে দাঁড়ায়। পরে সকাল ৮টার দিকে বিএসএফ তাদের ভারত সীমান্তের ওপারে ফেরত নেয়। বিজিবি’র ৪৭-ব্যাটালিয়নের পরিচালক নুরুল হুদা অফিসিয়ালি বক্তব্য না দিলেও সরজমিন স্থানীয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।
সূত্রে জানা যায়, বিএসএফ কর্তৃক অবৈধভাবে ঠেলে পাঠানোদের মধ্যে ৬ জন পুরুষ ও ১ জন মহিলা ছিল। তবে তাদের পরিচয় না জানলেও তারা ভারতের নদীয়া জেলার মুরুঠিয়া থানার ব্রজনাথপুর সীমান্তের ১৪২ নং ৫- এস পিলারের কাছে পৌঁছায়। এ সময় বিজিবি তাদেরকে থামিয়ে দেয় এবং পরে সকাল ৮টার সময় ওই ৭ জন ভারতের তারকাঁটা পার হয়ে ফেরত যায়।
