মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে ওঠা এলাকাবাসীর গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে উপজেলার মত্তগ্রামে এ ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার সকালে পুলিশ শাহাদাত (২৮) নামে ওই যুবকের লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করেছে। জানা গেছে, শ্যামসিদ্ধি ইউনিয়নের মত্তগ্রামের শিকদার বাড়ি মসজিদে দাওয়াতি কাজে আসা তাবলীগ জামাতের একজন সদস্যের গত মঙ্গলবার একটি আইফোন চুরি হয়। ধারণা করা হয় এলাকার চিহ্নিত চোর শাহাদাত এই কাজ করেছে।
গত বুধবার রাতে মসজিদে শাহাদাতের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা তাকে ধাওয়া করলে সে উল্টো ধাওয়াকারীদেরকে টেটা ছুড়ে মারে। এই ঘটনার জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে গণপিটুনি দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। ভোরে তার লাশ রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। স্থানীয়রা আরও জানায়, ওই এলাকার শামছু শেখের পালক পুত্র শাহাদাতের নেতৃত্বে কয়েক বছর ধরে একটি সংঘবদ্ধ চোর চক্রের একের পর এক চুরির ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। এলাকাবাসী বেশ কয়েকবার শাহাদাত ও চোর চক্রের একাধিক সদস্যকে চোরাই মালামালসহ হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে। একাধিক ভুক্তভোগী তার বিরুদ্ধে থানায় চুঁরির মামলা দায়ের করে।
তবে প্রতিবারই শাহাদাত ও চোর চক্রের সদস্যরা জামিনে বেরিয়ে এসে আরও বেপরোয়া হয়ে ওঠে। শ্রীনগর থানার ওসি জুয়েল মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় ৩টি চুরির মামলা রয়েছে। গণপিটুনিতে হত্যার বিষয়ে কোনো মামলা হয়েছে কি না এই প্রশ্নে তিনি বলেন, বাকি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
