ঘিওরে এনজিও মালিকের বিরুদ্ধে গ্রাহকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ফন্ট সাইজ:

মানিকগঞ্জে ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’ নামক একটি বেসরকারি সংস্থার এনজিও’র মালিক মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও প্রতারিত সাধারণ গ্রাহকদের সঞ্চিত টাকা ফেরত এবং অভিযুক্ত এনজিও মালিকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘিওর উপজেলার মৌহালী বাজার এলাকায় ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’-এর সর্বস্তরের ক্ষতিগ্রস্ত গ্রাহকবৃন্দের ব্যানারে মানববন্ধনে শতাধিক ভুক্তভোগী নারী-পুরুষ অংশ নেয়। তারা তাদের টাকা ফেরত এবং নাসিরের গ্রেপ্তার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা জানান, গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থার মালিক নাসির এলাকার সরল-সোজা ও অসহায় মানুষদের অধিক মুনাফা এবং সহজ ঋণের লোভ দেখিয়ে কোটি টাকা আমানত সংগ্রহ করেন। পরবর্তীতে গ্রাহকরা তাদের লভ্যাংশ এবং মূল টাকা ফেরত চাইতে গেলে নানা রকম টালবাহানা শুরু করে। প্রতারণার শিকার ভুক্তভোগী ঈসমাইল হোসেন ও জিল্লাল আক্ষেপ করে বলেন, আমরা দিনমজুর ও সাধারণ মানুষ। আমাদের কষ্টের জমানো টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। এখন টাকা চাইতে গেলে আমাদের বিভিন্ন হুমকি-ধমকি দেয়া হচ্ছে। আমানববন্ধনে বক্তারা স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত এই ঠকবাজ ও টাকা আত্মসাৎকারী নাসিরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন