এমপি’র গাড়িবহরের একটি গাড়ির চাপায় বদরখালী এলাকায় এক শিশু নিহতের ঘটনায় বিবৃতি দিয়েছেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। বিবৃতিতে তিনি অনাকাক্সিক্ষত দুর্ঘটনায় এক শিশুর অকাল মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করে বলেন, দুর্ঘটনার সময় তার গাড়ি ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ছিল। তবে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে পৌঁছে আহত শিশুটিকে দ্রুত হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তিনি এই মর্মান্তিক ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে শিশুটির পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন এবং শিশুটির জান্নাত কামনা করেন।
এদিকে, এ ঘটনায় তীব্র ক্ষোভ ও শোক প্রকাশ করে এমপি আলমগীর ফরিদকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, কক্সবাজার-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদের গাড়িবহরের চাপায় নুরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ বিন ওয়ালিদের মৃত্যু আমাদের হৃদয়ে কম্পন তুলেছে। তার মায়ের হাহাকার আমাদের অশ্রুসজল করে তুলেছে।
বিবৃতিতে তিনি বলেন, শিশুটি মারা যাওয়ার পর সংসদ সদস্য ঘাতক গাড়িটি ছাড়াতে তৎপর ছিলেন এবং স্থানীয় বিএনপি’র নেতাদের সঙ্গে নিয়ে সেই গাড়ি জনতার হাত থেকে ছাড়িয়েও নিয়ে গেছেন। পুরো ঘটনায় নির্মমতা, দায়িত্বহীনতা ও দাম্ভিকতার উৎকট প্রকাশ ঘটেছে। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মুখপাত্র বলেন, বাংলাদেশের এমপি-মন্ত্রী ও রাজনৈতিক নেতারা দাপট ও কর্তৃত্ব দেখানোর জন্য গাড়িবহর নিয়ে তুমুল গতিতে পথ চলে। ফলে এটি নিছকই দুর্ঘটনা না, বরং হত্যাকাণ্ড। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের প্রত্যাশিত সুন্দর ও সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতায় কক্সবাজার-২ এর এমপিকে পদত্যাগ করার আহ্বান করছি। বিএনপি নেতৃত্বকে বলবো, উনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে তাকে পদচ্যুত করুন। নিহত শিশুর পরিবারের প্রতি শোক প্রকাশ করে বিবৃতিতে তিনি বলেন, একটি শিশুর মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। কিন্তু এমন একটি নির্মম ঘটনার পরও জাতীয় সংসদে ওই সংসদ সদস্যের কথা বলার নৈতিক অধিকার নেই।
