কমলগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন

কমলগঞ্জ সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন

ফন্ট সাইজ:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার ভোরে তাদেরকে পুশইন করা হয় বলে স্থানীয় আলীনগর ইউনিয়নের ইউপি সদস্য আবুল হোসেন জানান। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোরে দেবলছড়া সীমান্তের বকশিটিলা দিয়ে এক শিশুসহ ৭ নারী বেরিয়ে আসলে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। এসময় আটক নারীরা জানান, ভারতের একটি কারাগারে তারা প্রায় ২৫ দিন আটক ছিলেন।

আজ ভোরে চোখ বেঁধে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। আলীনগর ইউনিয়নের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু বলেন, ‘বিষয়টি আমি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দেয়। পুশইনের শিকার নারীরা বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে বলে জানা গেছে।

কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানান, ভোরে দেবলছড়া সীমান্তের বকশিটিলা দিয়ে হয়ে দুই থেকে আড়াই বছরের এক শিশুসহ ৭ নারী প্রবেশ করেছেন। স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনের মাধ্যমে এমন সংবাদ পেয়ে খোঁজ নিয়ে জানতে পারি স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছেন। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান পাওয়া যায়নি।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, ‘পুশইনের খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবির টিম পাঠানো হয়। পরে জানা যায়, স্থানীয়রা তাদেরকে আটক রাখার পর ছেড়ে দিয়েছে। পুশইনের বিষয়ে বিজিবির নজরদারি অব্যাহত রয়েছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন