পপ সংগীতের সবচেয়ে বড় তারকাদের দু’জন ম্যাডোনা ও চার্লি এক্সসিএক্স। তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। কিন্তু সেই দ্বন্দ্ব কেটে গেছে বলেই মনে হচ্ছে। মঙ্গলবার সেন্ট লরা মেনস প্যারিস ফ্যাশন উইকের শোতে সামনের সারিতে বসে একসঙ্গে সিগারেট টানতে দেখা গেছে তাদেরকে। সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে বিরোধের গুঞ্জন ছড়ালেও, এদিনের উপস্থিতি সেই জল্পনার অবসান ঘটিয়েছে বলে মনে করছেন অনেকে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল। সেদিন দুই গায়িকাকেই স্টাইলিশ লেইস পোশাকে দারুণ আকর্ষণীয় দেখাচ্ছিল। ফটোগ্রাফারদের জন্য পোজ দেয়ার সময় তারা সিগারেটে টান দিচ্ছিলেন। সম্প্রতি চার্লি এক্সসিএক্সের নতুন একক গান ‘রক মিউজিক’ প্রকাশের পর দু’জনের মধ্যে বিরোধের গুঞ্জন শুরু হয়। গানটিতে একটি আলোচিত লাইন রয়েছে- ‘আই থিংক দ্য ড্যান্সফ্লোর ইজ ডেড, সো নাউ উই আর মেকিং রক মিউজিক’। অর্থাৎ, আমার মনে হয় নাচের মঞ্চ এখন মৃত, তাই আমরা এখন রক সংগীত তৈরি করছি। এর জবাবে ম্যাডোনা ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা পোস্ট করেন। তিনি লিখেছেন- যদি তোমার নাচের মঞ্চ মৃত মনে হয়, তাহলে হয়তো তুমি ভুল সংগীত বাজাচ্ছ।
তবে বাস্তবে দু’জনের মধ্যে কোনো বৈরিতা দেখা যায়নি। সামনের সারিতে বসার সময় ম্যাডোনাকে চার্লির সঙ্গে আলিঙ্গন করতে এবং গালে চুমু খেতে দেখা যায়। ম্যাডোনা লাল রঙের লম্বা হাতাওয়ালা লেইস মিনিড্রেস পরেছিলেন। এর সঙ্গে ছিল গোলাপি-কালো রঙের হাই হিল জুতা ও স্টাইলিশ সানগ্লাস। অন্যদিকে চার্লি এক্সসিএক্স লাল চামড়ার পোশাকে নজর কাড়েন। তার পোশাকের বুকের অংশে লেইসের নকশা ছিল। এর সঙ্গে তিনি কালো টাইটস এবং লম্বা নকশার হিল জুতা পরেছিলেন।
শো শেষে আয়োজিত আফটার পার্টিতেও দু’জনকে একসঙ্গে ডিজে বুথের পেছনে নাচতে দেখা যায়। সেখানে ম্যাডোনার জনপ্রিয় গান ‘হাং আপ’ এবং ‘থিফ অব হার্টস’-সহ বিভিন্ন গানে তারা আনন্দ উপভোগ করেন। চার্লি এক্সসিএক্স আগামী মাসে তার সপ্তম অ্যালবাম ‘মিউজিক, ফ্যাশন, ফিল্ম’ প্রকাশ করতে যাচ্ছেন। এরই মধ্যে ভক্তরা অ্যালবামের দুটি একক গান ‘রক মিউজিক’ এবং ‘এসএস২৬’ শুনেছেন। ‘রক মিউজিক’-এর বিতর্কিত গানের কথা নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে চার্লি রোলিং স্টোন ম্যাগাজিনকে বলেন, এই লাইনটি মূলত ‘ব্র্যাট’ অ্যালবামের সঙ্গে আমার সম্পর্ক এবং সেই অ্যালবাম ঘিরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে। তিনি আরও বলেন, আমার স্বামী (দ্য ১৯৭৫ ব্যান্ডের জর্জ ড্যানিয়েল) একটি ড্যান্স মিউজিক লেবেল পরিচালনা করেন। সম্প্রতি স্লেইইটার, আন্ডারস্কোরস এবং পিংকপ্যানথেরেস-এর মতো শিল্পীদের অসাধারণ ড্যান্স ও ইলেকট্রনিক সংগীত প্রকাশিত হয়েছে। ড্যান্স মিউজিক এখন দারুণ এক অবস্থানে রয়েছে। চার্লি আরও জোর দিয়ে বলেন, তার নতুন অ্যালবাম কোনো রক অ্যালবাম নয় এবং তিনি তার সংগীতকে নির্দিষ্ট কোনো ঘরানায় সীমাবদ্ধ করতে চান না।
অতীতেও ম্যাডোনার প্রতি নিজের শ্রদ্ধা প্রকাশ করেছিলেন চার্লি। তিনি ম্যাডোনার ১৯৯১ সালের ট্যুর-ভিত্তিক তথ্যচিত্র ‘ট্রুথ অর ডেয়ার’-এর প্রশংসা করে বলেছিলেন, আমি ‘ট্রুথ অর ডেয়ার’ খুব ভালোবাসি। এতে অসাধারণ কোরিওগ্রাফি আছে। আর ম্যাডোনা তো অনন্য।
এদিকে সপ্তাহের শুরুতে চার্লি স্বীকার করেন যে তিনি বর্তমানে মানসিকভাবে জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে রয়েছেন। ২০২৪ সালে তার ‘ব্র্যাট’ অ্যালবাম ব্যাপক সাফল্য অর্জন করেছিল এবং সাংস্কৃতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। তবে দীর্ঘ ব্র্যাট ট্যুর এবং মঞ্চে পারফর্ম করার বিষয়ে নিজের জটিল সম্পর্কের কারণে তিনি মানসিক চাপে ভুগছেন বলে জানান। রোলিং স্টোনকে তিনি বলেন, আমি এখন এমন কাজ করার চেষ্টা করছি, যা আমার জন্য ভালো। কারণ আমার উদ্বেগ এমন পর্যায়ে পৌঁছেছিল যে তা শারীরিকভাবেও আমাকে প্রভাবিত করতে শুরু করে। এভাবে জীবন চালিয়ে যাওয়া সম্ভব নয়।
