হারিয়ে যাওয়া স্যুটকেস ফিরে পাওয়ার পর অবশেষে বিশ্বকাপ উপলক্ষে প্রস্তুত করা নিজের ‘ওয়াগ’ (ফুটবলারদের স্ত্রী ও সঙ্গিনীদের জন্য ব্যবহৃত সংক্ষিপ্ত শব্দ) পোশাক প্রদর্শনের সুযোগ পেলেন মেগান পিকফোর্ড। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের স্ত্রী মঙ্গলবার ঘানার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচে তার প্রিয় ডিজাইনার পোশাক পরিধান করেন। বস্টনে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়। ওই পোশাকে ৩০ বছর বয়সী মেগানকে দারুণ আকর্ষণীয় দেখাচ্ছিল। তিনি ১২৫ পাউন্ড মূল্যের ক্লাব এল-এর সাদা মিনিড্রেস পরেন। এর সঙ্গে ছিল প্রায় ৬ হাজার পাউন্ড মূল্যের শ্যানেল মিনি কেলি ব্যাগ, যা যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোর কঠোর ব্যাগের আকারসংক্রান্ত নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া তিনি ১৯৮০-এর দশকের একটি ভিনটেজ শ্যানেল ব্রোচও ব্যবহার করেন। তাকে নিয়ে বিশেষ রিপোর্ট প্রকাশ করেছে অনলাইন ডেইলি মেইল।
বস্টনের বৃষ্টিভেজা আবহাওয়ার কারণে মেগানকে এক পর্যায়ে তার স্টাইলিশ পোশাকের ওপর জলরোধী পঞ্চো পরতে হয়। তিনি তখন জর্ডানের মা সুসান পিকফোর্ড এবং সাত বছর বয়সী ছেলে আর্লো’র সঙ্গে বসেছিলেন। ইনস্টাগ্রামে নিজের পোশাকের ওপর পঞ্চো পরা অবস্থার একটি মজার ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘রিয়েলিটি’। সঙ্গে একটি গলে যাওয়া মুখের ইমোজি এবং ছাতার ইমোজি যোগ করেন। গত সপ্তাহে মেগান জানান, স্বামী জর্ডানকে সমর্থন দিতে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। সেখানে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল। কিন্তু বিমান সংস্থা তার লাগেজ হারিয়ে ফেলে। অবশেষে এক সপ্তাহ পর ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচের মাত্র কয়েক ঘণ্টা আগে, তিনি তার ব্যাগ ফিরে পান।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন মেগান। ভিডিওতে দেখা যায়, তিনি হোটেল কক্ষের দরজা খুলে তার প্রিয় স্যুটকেসটি দেখতে পান। গোলাপি রঙের জগারস ও টপ পরিহিত মেগান ব্যাগটি টেনে ঘরে আনেন এবং শক্ত করে জড়িয়ে ধরেন। এ সময় পটভূমিতে বাজছিল আব্বা ব্যান্ডের জনপ্রিয় গান হানি হানি। তিনি লিখেছেন, একটি বিশেষ ডেলিভারি এসে পৌঁছেছে। আগামীকালের ম্যাচের আগে এটি আমার চোখের আড়াল হবে না। পোস্টের শেষে তিনি #স্যুটকেসগেট হ্যাশট্যাগ ব্যবহার করেন।
অন্য এক ফুটবলারপত্নী এলি ওয়াটকিনস মন্তব্য করেন, ‘হাহাহা, তোমার জন্য খুব খুশি।’
মেগান জবাবে বলেন, তিনি প্রথমেই একটি এয়ারট্যাগ কিনবেন, যাতে ভবিষ্যতে লাগেজের অবস্থান ট্র্যাক করতে পারেন। ভক্তরাও মন্তব্য করেন, এটাই সেই পুনর্মিলন, যার জন্য আমরা অপেক্ষা করছিলাম। অনেকে আবার লিখেছেন, এখন আমরা পোশাকগুলো দেখার জন্য অপেক্ষা করছি।
কোন বিমান সংস্থা তার লাগেজ হারিয়েছিল, তা জানা যায়নি। তবে সাধারণত বিমান সংস্থাগুলো যাত্রীদের প্রয়োজনীয় নতুন জিনিস কেনার ক্ষতিপূরণ দাবি করার সুযোগ দেয়। উদাহরণ হিসেবে বৃটিশ এয়ারওয়েজ যাত্রীদের সর্বোচ্চ ১ হাজার ৫৭৫ পাউন্ড পর্যন্ত ‘যৌক্তিক ও প্রয়োজনীয়’ কেনাকাটার অর্থ ফেরত দেয়ার অনুমতি দেয়।
মেগানের পোশাক-সংগ্রহের মোট মূল্য জানা না গেলেও বিশ্বকাপের আগে তিনি সেলিন-এর একটি ডিজাইনার বুটিক থেকে প্রায় ৬ হাজার পাউন্ডের কেনাকাটা করেন। গত সপ্তাহে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের আগে প্রথমবারের মতো তিনি ‘স্যুটকেসগেট’ নিয়ে পোস্ট করেন। ক্যামেরার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে, ‘ড্যাডি’ লেখা ছোট একটি থ্রি লায়ন্স জার্সি পরে তিনি লিখেছিলেন, ‘গতকাল আমেরিকায় পৌঁছেছি... কিন্তু আমার স্যুটকেস পৌঁছায়নি। আজ রাতের ম্যাচে কি আমার সাত বছরের পুরোনো টপটাই পরব?’
ওলি ওয়াটকিনসের স্ত্রী এলি জবাবে লিখেছেন, সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন! চিন্তা কোরো না, আমার কাছে তিনটি স্যুটকেস ভর্তি কাপড় আছে। উদ্ধার করতে আসছি।
সৌভাগ্যক্রমে মেগান একটি পোশাক জোগাড় করতে সক্ষম হন। ডালাস, টেক্সাস-এ অনুষ্ঠিত ম্যাচে তাকে কাউবয় টুপি, সাদা ভেস্ট, নীল জিন্স এবং সাদা হ্যান্ডব্যাগে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, আমি যে টপ পরে ভ্রমণ করেছি, সেটিই পরে ম্যাচে গিয়েছি, আর জিন্স ধার নিয়েছিলাম।
বৃহস্পতিবার রাতে তিনি নতুন আপডেট দিয়ে লিখেছেন, আমরা পরবর্তী গন্তব্যে উড়ে এসেছি। জর্ডানের ভাই ডালাসে থেকে গেছে। কারণ আমার স্যুটকেসটি বিকেলে পৌঁছানোর কথা ছিল। তিনি আরও বলেন, তার রাতের ফ্লাইটের টিকিট কাটা ছিল। আমি তার স্যুটকেস আমার সঙ্গে নিয়ে এসেছি। কিন্তু যখন সে আমার স্যুটকেস নিতে গেল, তখন তাকে বলা হলো কাস্টমসে সেটি ২৪ ঘণ্টা আটকে রাখা হবে। এখন সে ডালাসে অপেক্ষা করছে, আমার স্যুটকেস কাস্টমস ছাড়ার জন্য। পরবর্তী ফ্লাইট শনিবার। আর তার স্যুটকেস আমার কাছে, ফলে সে দাঁতও মাজতে পারছে না।
হাসির দুটি ইমোজি দিয়ে তিনি পোস্টটির ক্যাপশন দেন, ‘যারা বিষয়টিতে আগ্রহী, তাদের জন্য।’
মেগান এবং অন্যান্য ওয়াগদের আরেকটি সমস্যার মুখোমুখি হতে হয়েছে- স্টেডিয়ামে ব্যাগের আকার নিয়ে কঠোর বিধিনিষেধ। ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আয়োজিত এই গ্রীষ্মের বিশ্বকাপে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা অনেক দামি ডিজাইনার ব্যাগ বাদ দিতে হয়েছে। সেলফ্রিজেস-এ কেনাকাটার সময় ব্যাগের মাপ নিতে দেখা গিয়েছিল মেগানকে। পরে তিনি মজা করে লেখেন, আমরা স্যান্ডউইচ ব্যাগকে জনপ্রিয় করে তুলব। আমি অফসাইডের নিয়মও জানি- হ্যান্ডব্যাগ সংস্করণে।
নিয়ম অনুযায়ী, স্বচ্ছ ব্যাগের আকার ১২ ইঞ্চি বাই ১২ ইঞ্চির বেশি হতে পারবে না। অস্বচ্ছ ব্যাগের ক্ষেত্রে সীমা ৪ দশমিক ৫ ইঞ্চি বাই ৬ দশমিক ৫ ইঞ্চি। এতে নিরাপত্তাকর্মীরা দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের সময় দ্রুত তাদের জিনিসপত্র পরীক্ষা করতে পারেন। প্রথম ম্যাচে মেগান নিয়ম মেনেই ২ হাজার ৫০০ পাউন্ডের বেশি মূল্যের একটি সাদা লেডি ডিওর ব্যাগ ব্যবহার করেন। মেগান ও এভারটন গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ২০২২ সালের জুনে বিয়ে করেন। বিয়ের ছবি প্রকাশ করে মেগান লিখেছিলেন, আমার আত্মার সঙ্গীর সঙ্গে সবচেয়ে জাদুকরী দিনের জন্য অপেক্ষা সার্থক হয়েছে।
এ দম্পতির তিন সন্তান রয়েছে। তাদের মধ্যে সাত বছর বয়সী ছেলে আর্লোর জন্ম ২০১৯ সালে, ২০২৩ সালে জন্ম নেওয়া তিন বছর বয়সী মেয়ে ওস্তারা এবং ২০২৫ সালে জন্ম নেওয়া এক বছর বয়সী মেয়ে মিস্টি।
