বিএনপি সরকারের ২০২৬-২৭ বাজেটে বরিশালের উন্নয়নে তেমন কোনো বরাদ্দ রাখা হয়নি। দক্ষিণাঞ্চলবাসীর সবচেয়ে বেশি আাশা ছিল বরিশাল-ভোলা সেতু নির্মাণ এবং ভাঙ্গা থেকে কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীত করা। সরকারের মন্ত্রী সভায় দক্ষিণাঞ্চলে ৫ জন স্থান পাওয়ার পরও বরিশালকে অবহেলার বিষয়টি ভালোভাবে নেননি কেউ। গতকাল সংসদে এ নিয়ে বরিশাল-৫ আসনের এমপি মজিবর রহমান তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল থেকে বিএনপি সংসদ সদস্য পান ১৬ জন। বিএনপি সরকারের মন্ত্রী সভায় দক্ষিণাঞ্চল থেকে এবার স্পিকারসহ ৫ জন এমপি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এর মধ্যে ভোলা থেকে স্পিকার, মেহেন্দীগঞ্জ থেকে নৌ পরিবহন, বরিশাল-১ থেকে তথ্য মন্ত্রণালয় পেয়েছেন তিনজন।
পিরোজপুরের একজন প্রতিমন্ত্রী হয়েছেন। অপরদিকে পটুয়াখালী থেকে জোটভুক্ত একজন প্রতিমন্ত্রী। এই ৫ই মন্ত্রী প্রতিমন্ত্রীর কাছে প্রত্যাশা ছিল এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে তার নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দেয়া। মন্ত্রিদের প্রায় সকলেই বাজেট-পূর্ব বরিশালের বিভিন্ন সভা সেমিনারে ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভাঙ্গা থেকে কুয়াকাটা মহাসড়ক ৬ লেনে উন্নীতের আশার কথা শুনিয়েছেন। বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বরিশালের নির্বাচন-পূর্ব জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ৬ লেনে উন্নীত করার। দক্ষিণের মানুষের আশা ছিল সরকারের প্রথম বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে এজন্য বড় ধরনের বাজেট বরাদ্দ থাকবে। কিন্তু ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার সর্ববৃহৎ বাজেট ঘোষণার পর আশাহত হয়ে পড়েন সবাই। দু’টি মহা প্রকল্পে কোনো বাজেট বরাদ্দ রাখা হয়নি।
এজন্য সংসদে বাটে আলোচনা কোনো মন্ত্রী এমপি একটি শব্দও উচ্চারণ করেননি। তবে মঙ্গলবার সংসদে দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিএনপি’র প্রতিশ্রুত ২টি প্রকল্পে অর্থ বরাদ্দ না হওয়ায় তীব্র ক্ষোভ ঝাড়েন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার। তিনি স্পিকারকে বলেনÑ দক্ষিণাঞ্চলের ১৫জন সংসদ সদস্য এ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরেছেন। এ দাবি সকলের, এ দাবি দক্ষিণাঞ্চলবাসীর প্রাণের দাবি। সরোয়ার বলেন, জিয়াউর রহমান সরকারের সময়, খালেদা জিয়ার সরকারের সময় বরিশালে ব্যাপক উন্নয়ন হয়েছে। বরিশাল বিমানবন্দর, বিশ^বিদ্যালয়, টিচার্চ ট্রেনিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। তাই বরিশালবাসীর প্রাণের দাবি- ভোলা-বরিশাল সেতু এবং কুয়াকাটা-ভাঙ্গা মহাসড়ক ৬ লেনে উন্নীত করার।
