বান্দরবানে সাঙ্গু (শঙ্খ) নদীতে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর শিশু আরফিনের (১১) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা এলাকার নিখোঁজ হওয়ার স্থান সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাঙ্গু নদীর চরে কাজ করতে গিয়ে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। শিশু আরফিনের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে।
বান্দরবান সদর থানার ওসি শাহেদ পারভেজ বলেন, স্বজনরা মরদেহটি নিখোঁজ শিশু আরফিনের বলে শনাক্ত করেছেন। আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ দিন আগে সাঙ্গু নদীতে নিখোঁজ হয় শিশু আরফিন। এরপর থেকে পরিবার ও স্থানীয়রা তাকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে আসছিলেন।
