ফেনীতে দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে হেলপার ও এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুলামিয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাকের হেলপার চট্টগ্রামের ভূজপুরের সিকদার খিল গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে আহসানুল ইসলাম (১৫)।
অন্যজন ফেনী সদর উপজেলার মধ্যম কাচাঁড় এলাকার ছন্দু মিয়ার ছেলে মীর হোসেন (৪৫)। এ ঘটনায় ভ্যানচালক মো. মোস্তফার ছেলে মো. সুমন (৪৫) আহত হয়েছেন।
জানা যায়, সকালে ট্রাকটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। একইসঙ্গে ট্রাকটি একটি ভ্যানগাড়ি ও এক পথচারীকে চাপা দেয়। এতে ট্রাকটির বাম পাশের অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিহত হেলপারের বাবাই ছিল ট্রাকটির চালক।
