রেকর্ড হারের পর ভারতের সামনে দুর্গম পথ

রেকর্ড হারের পর ভারতের সামনে দুর্গম পথ

ফন্ট সাইজ:

টি-টোয়েন্টি ক্রিকেটে ২২ ম্যাচ পর পর্যন্ত হারের গ্লানিতে ডুবলো ভারত। সীমিত সংস্করণের বিশ্বকাপে সূর্যকুমার যাদবদের এটি টানা ১২ ম্যাচ পর হারের নজির। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। রান তাড়ায় ৭ বল আগে ১১১ রানে গুটিয়ে যায় ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে রানের হিসাবে দেশটির সবচেয়ে বড় হার এটি। আগেরটি ছিল ২০১০ বিশ্বকাপে, ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৯ রানের। অন্যদিকে, সীমিত সংস্করণের ক্রিকেটে এটি দেশটির দ্বিতীয় সর্বোচ্চ পরাজয়। তাদের সর্বোচ্চ পরাজয় ২০১৯-এ ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০ রানে। এমন লজ্জাজনক পারফরম্যান্সের পর সেমিফাইনালের টিকিট পাওয়াই অনিশ্চিত হয়ে পড়েছে ভারতের জন্য। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের দলগুলো দু’টি গ্রুপে ভাগ হয়ে খেলছে। চারটি দল নিয়ে গঠিত প্রতি গ্রুপ থেকে শেষ চারে খেলবে দু’টি করে দল। গ্রুপ-১-এ ভারত ও দক্ষিণ আফ্রিকার সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। রেকর্ড হারের পর আয়োজক দেশটির রানরেট এখন ৩.৮। পরবর্তী দুই ম্যাচে ভারত জয় তুলে নিতে পারলে সর্বোচ্চ ৪ পয়েন্ট উঠবে তাদের খাতায়। এদিকে, ২৬শে ফেব্রুয়ারি জিম্বাবুয়ে ও ১লা মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ম্যাচে হারলেও সেমি অনিশ্চিত হয়ে পড়বে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য। তখন অন্য ম্যাচগুলোর ফল ও নেট রানরেটের দিকে তাকিয়ে থাকতে হবে তাদের।
দু’টি জয়েও যে ভারতের সেমির টিকিট নিশ্চিত, তেমনটি নয়। জয় তো লাগবেই, সঙ্গে নিজেদের রানরেটের দিকেও নজর দিতে হবে তাদের। অর্থাৎ ম্যাচ দু’টির প্রথম ইনিংসে ব্যাট করলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে এবং রান তাড়া করলে যথাসম্ভব দ্রুত জয় তুলে নিতে হবে। সেক্ষেত্রে, এই দক্ষিণ আফ্রিকাও ভারতের ত্রাণকর্তা হয়ে উঠতে পারে। প্রোটিয়ারা পরের দুই ম্যাচে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকাকে বড় ব্যবধানে হারালে তার সুফল পাবে সূর্যকুমাররা। তাহলে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে এইডেন মার্করামরা সেমি তো নিশ্চিত করবেই, অন্যদিকে জিম্বাবুয়ে ও ক্যারিবিয়ানদের রানরেটে আঘাত করবে। সেটি ভারতের জন্য সুখবর বৈকি!
রেকর্ড হারের দিন আরও বেশ কয়েকটি অপরাজেয় যাত্রা থামে ভারতের। এদিনের হারে আইসিসি’র সীমিত ওভারের প্রতিযোগিতায় (ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি) দেশটির রেকর্ড টানা ১৭টি জয়ের ধারা থামে। এর আগে তাদের সবশেষ হারটি ছিল সেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে। হৃদয়ভাঙা সেই হারের সাক্ষী হয় এই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামই।
এদিন রান তাড়ায় নেমে ভারতীয় তিন ব্যাটার সাজঘরে ফেরেন রানের খাতা বন্ধ রেখেই। সাকুল্যে, চলমান বিশ্বকাপে ভারতের ব্যাটাররা শূন্য রানে আউট হন ১১ বার। এটি সব দল মিলিয়ে সর্বোচ্চ। আটটি ‘ডাক’ মেরে তালিকার পরের দলটি বিশ্বকাপের অভিষিক্ত ইতালি। এর আগে বিশ্বমঞ্চে এক আসরে ২০২৪-এ সর্বোচ্চ ৬ বার শূন্য রানে আউট হন ভারতের ব্যাটাররা।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন