যশোরের চশমা সাইদকে গলা কেটে হত্যা

ফন্ট সাইজ:

যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার পলাতক আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নিজ বাড়ির পাশের একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। সে পলাতক ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকালে বাড়ির পাশের ঝোপের মধ্যে রক্ত দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ঘটনাস্থলে গিয়ে সাইদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই একটি ধারালো চাকু পড়ে থাকতে দেখা যায়। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মাসুম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্টের পর মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার নেপথ্যের কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন