ডাবল সেঞ্চুরিতে মদরিচের ‘ওয়ান লাস্ট ড্যান্স’

ডাবল সেঞ্চুরিতে মদরিচের ‘ওয়ান লাস্ট ড্যান্স’

ফন্ট সাইজ:

টরন্টো স্টেডিয়ামের ম্যাচ শেষের বাঁশি বাজতেই এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। ক্রোয়েশিয়া দলের ২৫ জন ফুটবলার মূল জার্সির উপর চাপিয়ে নিলেন বিশেষ এক কালো টি-শার্ট। যার বুকে লেখা- ‘ইনফিনিট লেগ্যাসি’ অর্থাৎ অনন্ত উত্তরাধিকার। মাঝে বড় করে লেখা ‘২০০’ সংখ্যা এবং সঙ্গে লুকা মদরিচের ছবি। সতীর্থরা তাকে কাঁধে তুলে শূন্যে ভাসালেন, গ্যালারি থেকে ভেসে এলো ‘ওয়ান লাস্ট ড্যান্স’ স্লোগান। ফুটবল ইতিহাসের মাত্র চতুর্থ পুরুষ ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ম্যাচের ‘ডাবল সেঞ্চুরির মাইলফলক ছুঁলেন ৪০ বছর বয়সী এই মিডফিল্ড জাদুকর।

ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এবং কুয়েতের বদের আল-মুতাওয়ার পর এই এক্সক্লুসিভ ক্লাবে যোগ দিলেন মদরিচ। এমন ঐতিহাসিক দিনেও বরাবরের মতোই প্রচারবিমুখ দেখালো এই ক্রোয়াট অধিনায়ককে। ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ মদরিচের সরলতার প্রশংসা করে বলেন, ‘লুকা হয়তো এই জাঁকজমক এড়াতে চাইতো। ও ভীষণ বিনয়ী ও সাধারণ একজন মানুষ, বড় উদযাপনে ও স্বাচ্ছন্দ্যবোধ করে না। তবে আমি অত্যন্ত আনন্দিত যে আমরা উপলক্ষটি দারুণভাবে উদযাপন করতে পেরেছি। সবচেয়ে বড় কথা- আমরা জয় পেয়েছি।’ মদরিচের রেকর্ড গড়ার এই রাতেই বিশ্বকাপের মঞ্চে টিকে থাকার মহামূল্যবান জয় পেয়েছে ক্রোয়েশিয়া।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পানামাকে ১-০ ব্যবধানে হারায় তারা। ইংল্যান্ডের কাছে প্রথম ম্যাচে ৪-২ গোলে হেরে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ক্রোয়াটদের জন্য এই ৩ পয়েন্ট ছিল লাইফলাইনের মতো। ম্যাচের ৫৪ মিনিটে রাইট-ব্যাক ইয়োসিপ স্টানিসিচের চমৎকার ক্রস থেকে বদলি ফুটবলার আন্তে বুদিমির গোল করে দলকে উৎসবে ভাসান।

অন্যদিকে, এই হারের ফলে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে পানামার। রক্ষণাত্মক ৫-৪-১ ফরমেশনে খেলে ক্রোয়েশিয়াকে প্রথমার্ধে বোতলবন্দি করে রাখে তারা। প্রথমার্ধে পানামার রদ্রিগেজের জোরালো হেড ক্রোয়াট গোলকিপার লিভাকোভিচ প্রতিহত না করলে ম্যাচের গল্প অন্যরকম হতে পারতো। দল বিদায় নিলেও শিষ্যদের লড়াইয়ে গর্বিত পানামার ডেনিশ-স্প্যানিশ কোচ থমাস ক্রিস্টিয়ানসেন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ছেলেরা যে ক্ষুধা, নিষ্ঠা আর তাড়না নিয়ে খেলেছে, আমি তাতে অত্যন্ত গর্বিত। ক্রোয়েশিয়া মাত্র ২টি শট লক্ষ্যে রেখে ১টি গোল পেয়ে গেল।’ এই জয়ের পর ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এল’-এর নকআউটের রেসে টিকে রইলো ক্রোয়েশিয়া। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ঘানা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন