বিশ্বকাপ চলছে। নকআউট পর্ব শুরু হবে ২৮শে জুন। কিন্তু তার আগেই টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনছে ফিফা। পুরনো নিয়ম বদলে ফেলার উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। সবকিছু ঠিক থাকলে আগামী দু-একদিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
বর্তমান নিয়ম অনুযায়ী, টাইব্রেকারের আগে দুটি আলাদা কয়েন টস হয়। প্রথম টসে ঠিক হয় কোন দল আগে শট নেবে। দ্বিতীয় টসে নির্ধারিত হয় মাঠের কোন প্রান্তে টাইব্রেকার অনুষ্ঠিত হবে। সমস্যা হলো, এই দুটি টসের দুটিই হারতে পারে একটি দল। সে ক্ষেত্রে সেই দল আগে শট নেয়ার সুযোগ পায় না, আবার নিজেদের সমর্থকদের সামনে খেলার সুযোগ থেকেও বঞ্চিত হয়। গত মাসে উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে এমন তিক্ত অভিজ্ঞতার শিকার আর্সেনাল। পিএসজির বিপক্ষে দুটি টসেই হেরে যায় ইংলিশ ক্লাবটি। শুধু তাই নয়, শেষ পর্যন্ত টাইব্রেকারেও হারতে হয় তাদের। এই ঘটনাই নতুন করে আলোচনার দরজা খুলে দিয়েছে।
ফিফা এখন দুটি টসের বদলে একটি মাত্র টস রাখতে চায়। প্রস্তাবিত নিয়মে টসে জেতা দল দুটি সুবিধার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবে। হয়
আগে শট নেবে, নয়তো নিজেদের সমর্থকদের গ্যালারির সামনে টাইব্রেকার নেয়ার সুযোগ পাবে। বাকি সুবিধাটি পাবে টস হারা দল। এতে একটি দল দুটি সুবিধা একসঙ্গে পাবে না, প্রতিপক্ষ অন্তত একটি সুবিধা পাবে। ফুটবলের আইন প্রণয়ন সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সঙ্গে ইতিমধ্যেই এ নিয়ে আলোচনা করেছে ফিফা বলে জানিয়েছে বৃটিশ
সংবাদমাধ্যম দ্য টাইমস।
অবশ্য আগে শট নেয়া বা সমর্থকদের সামনে খেলা যে সবসময় জয় এনে দেয়, তা নয়। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেই তার প্রমাণ মিলেছে। সেবার গোলপোস্ট বেছে নেয়া এবং আগে শট নেয়ার সুযোগ পেয়েছিল ফ্রান্স। টাইব্রেকারে জেতে আর্জেন্টিনা।
