আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের ছয় আসরে গ্রুপ পর্বের গণ্ডি পেরুতে পারেনি বাংলাদেশ। জয় তিনটি। পুরনো ইতিহাসকে এবার পেছনে ফেলেছে লাল-সবুজ মেয়েরা। প্রথম তিন ম্যাচের দুটিতেই জয় তুলে নিয়ে ইতিহাস গড়ে নিগার সুলতানা জ্যোতির দল। চার পয়েন্ট নিয়ে টিকে আছে সেমিফাইনালের দৌড়ে। সেই সম্ভাবনা উজ্জ্বল করতে ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। এ ম্যাচের জয়ী দলের বাড়বে সেমিফাইনালে পা রাখার সম্ভাবনা। আর পরাজিত দলের সেমিফাইনালের পথ কঠিন হয়ে যাবে। তাই দুই দলের জন্য ম্যাচটি আশা বাঁচিয়ে রাখার লড়াই।
গ্রুপ ‘এ’-এর পয়েন্ট তালিকায় চার ম্যাচে চার জয় নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে ভারত, তিন ম্যাচে দুই জয় তাদের। সমান সংখ্যক জয় নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকা বাংলাদেশ চতুর্থ স্থানে। এবারের বিশ্বকাপে যাত্রায় নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে শুভসূচনা করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেট হারে টাইগ্রেসরা। অবশ্য তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় নিগার সুলতানা জ্যোতির দল। পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে সেমিফাইনাল খেলার স্বপ্ন টিকিয়ে রাখে। ওই ম্যাচে স্বর্ণা আক্তার ব্যাট হাতে ২২ বলে অপরাজিত ৩৯ রান করেন। আর বল হাতে সানজিদা আক্তার মেঘলা ২১ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানকে গুড়িয়ে দেন। টুর্নামেন্টে ভারতের শুরুটাও হয়েছিল দারুনভাবে। পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে আসর শুরু করে তারা। দ্বিতীয় ম্যাচে ডাচ মেয়েদের ৮৫ রানে হারায় ভারত। তবে তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ধাক্কা খায় দলটি। হারে ছয় উইকেট ব্যবধানে।
আইসিসির বৈশ্বিক র্যাঙ্কিংয়ে ভারত তিনে। বাংলাদেশ আছে দশে। ছয় বছর আগে অস্ট্রেলিয়ার কাছে ফাইনাল হেরে রানার্সআপ হয় ভারত। তাদের বিপক্ষে বাংলাদেশের লড়াই সহজ হবে না। ভারতের শক্তি তাদের ব্যাটিং লাইনআপে। স্মৃতি মান্ধানা আর হারমানপ্রীত কৌর-এই দুজন নারী টি-টোয়েন্টিতে চার হাজারের বেশি রান করেছেন। এই দুজন ফর্মে থাকলে যেকোনো দলের বিপক্ষে ভারত বিপজ্জনক। আর বোলিংয়ে এবারের বিশ্বকাপের বিস্ময় শ্রী চারানি। মাত্র ২১ বছর বয়সী এই পেসার তিন ম্যাচেই নিয়েছেন ১০ উইকেট। ইকোনমি রেট মাত্র ৫.৩৩। তাকে সামলানো বাংলাদেশের ব্যাটারদের বড় চ্যালেঞ্জ।
পরিসংখ্যান ভারতের পক্ষে। দু’দলের ২৩ টি-টোয়েন্টি মোকাবিলায় ভারত জিতেছে ২০টিতে। বাংলাদেশের জয় মাত্র তিনটিতে। বিশ্বকাপে তিনবার মুখোমুখি হয়ে ভারতকে হারাতে পারেনি টাইগ্রেসরা।
