দেড় বছর ধরে অবৈধভাবে হলে অবস্থান রাবি ছাত্রদল নেতার

দেড় বছর ধরে অবৈধভাবে হলে অবস্থান রাবি ছাত্রদল নেতার

ফন্ট সাইজ:

দেড় বছর ধরে অবৈধভাবে হলে অবস্থান করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। অভিযুক্ত ছাত্রদল নেতা নাসিম আহমেদ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার নিয়মিত শিক্ষাজীবন শেষ হয়েছে ২০২৪ সালের ডিসেম্বরে। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান হলের ৩২১ নম্বর কক্ষে অবস্থান করছেন। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, নিয়মিত শিক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর আবাসিক হল ত্যাগ করার কথা। তাহলে তিনি কেন অবৈধভাবে হলে থাকছেন? আমরা কি আবার ছাত্রলীগ আমলে ফিরে যাচ্ছি? হল দখলের দিকে ফিরে যাচ্ছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাসিম আহমেদ বলেন, ২০২৪ সালের ডিসেম্বর মাসে মাস্টার্সের ফল প্রকাশের পর তিনি তার বৈধ আবাসিক সিট ছেড়ে দিয়েছেন। বর্তমানে তিনি তার বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীর কক্ষে অবস্থান করছেন। একজন শিক্ষার্থীর বরাদ্দকৃত সিটে অন্য শিক্ষার্থীর অবস্থান করার কোনো বিধান রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে নাসিম বলেন, আমি আপনাকে চিনি না। এ প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না।

এই বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, তার (নাসিম) হলে থাকার বিষয়ে সঠিক কিছু জানি না। শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, প্রায় সাত মাস আগে তার আবাসিক সিট বাতিল হলেও এখনো তিনি অবস্থান করছেন। তবে তিনি কার সিটে বা কীভাবে হলে অবস্থান করছেন, তা খুঁজে বের করা হল প্রশাসনের জন্য কষ্টকর।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন