রামগঞ্জে শিক্ষার্থী মেহেদী হত্যা

সাবেক এমপিসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রামগঞ্জে ৮ম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাছান নিহতের ঘটনাতে কেন্দ্র করে সৃষ্ট নাশকতায় সাবেক এমপিসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রবিউল হাসান রাব্বি বাদী হয়ে রামগঞ্জ থানায় ওই মামলা দায়ের করেন। এর আগে রামগঞ্জের ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে সিনিয়র শিক্ষার্থীদের নির্যাতনে মেহেদী হাছানের মৃত্যু হয় বলে জানা যায়। মামলায় রামগঞ্জের সাবেক এমপি আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামছুল হক মিজান, দপ্তর সম্পাদক এমরান হোসেন (ইট বাচ্চু), সাবেক পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল ইসলাম (বিএসসি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শহীদ চৌকিয়া, যুবলীগ নেতা মোরশেদ আলম বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈকত মাহমুদ সামছু, যুবলীগ নেতা ইরান পাটোয়ারী, মিলন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান সুমন ভূঁইয়া, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন রাজু, সাবেক কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ নেতা আবদুল হান্নান বাবুসহ শতাধিক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, মেহেদী হত্যাকাণ্ডের ঘটনায় উল্লিখিত বিবাদীদের প্ররোচনায় ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমিতে ভাঙচুর চালানো হয়। এ সময় উত্তেজিত জনতাকে প্রলুব্ধ করে কয়েকজনকে মারধর করা হয়। রামগঞ্জ থানার মো. ফিরোজ উদ্দিন চৌধুরী মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন