কুড়িগ্রামের রাজারহাটে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী (৬৫) নামের বৃদ্ধকে আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয়রা। বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রামের ইউনুছ আলীর কন্যাকে একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নছরউদ্দিনের ছেলে আইয়ুব আলী কৌশলে বাড়িতে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আইয়ুব আলীকে আটক করে। পরে তাকে গণধোলাই দিয়ে রাজারহাট থানায় পুলিশের নিকট সোপর্দ করে।
ভুক্তভোগীর পরিবার জানান, মাদ্রাসা যাওয়া-আসার সময় শিশুটির সঙ্গে ওই বৃদ্ধ নানা-নাতনি সম্পর্ক তৈরি করেছিল। সেই সুবাদে বুধবার সকালে শিশুটিকে ফাঁকা বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ জানান, অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
