‘খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি’

‘খেলার স্বার্থেই হাইড্রেশন বিরতি’

ফন্ট সাইজ:

এবারের বিশ্বকাপে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হাইড্রেশন ব্রেক। প্রতি ম্যাচের দুই অর্ধে তিন মিনিট করে মোট ছয় মিনিটের অতিরিক্ত বিরতি দেয়া হচ্ছে এবার। এরইমধ্যে এই বিরতির সমালোচনা হচ্ছে চারদিকে। কোচ, ফুটবলার, দর্শক সবাই এই বিরতির সমালোচনা করছেন। ফুটবলের চেয়ে অর্থযোগের দিকেই বেশি ঝুঁকে পড়ছে ফিফা- এমন আলোচনাও হচ্ছে। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর দাবি, হাইড্রেশন বিরতির পেছনে ফিফার বাণিজ্যিক কোনো স্বার্থ নেই। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল এক বিবৃতিতে হাইড্রেশন বিরতির কারণ আবারও খোলাসা করেছেন ফিফা সভাপতি।

তিনি বলেন, পুরো চিন্তাটাই খেলোয়াড়দের স্বার্থে। এই বিরতি থেকে ফিফার অতিরিক্ত কোনো লভ্যাংশ আসছে না। কারণ এই সিদ্ধান্ত নেয়ার অনেক আগেই সকল বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়ে গিয়েছিল। সুতরাং এখানে বাণিজ্যিক কোনো স্বার্থ নেই। পুরোটাই খেলার স্বার্থে। ফিফা এর আগেও বলেছে, উত্তর আমেরিকার তীব্র দাবদাহে খেলোয়াড়েরা যেন শারীরিক ফিটনেস ধরে রাখতে পারেন, এ কারণেই প্রথমবারের মতো এই বিরতির ব্যবস্থা করা হয়েছে। তবে ইতোমধ্যেই বিভিন্ন দলের কোচ ও খেলোয়াড়েরা বুঝিয়ে দিয়েছেন, নতুন এই নিয়মে খুব একটা খুশি নন তারা। ইংল্যান্ড কোচ থমাস টুখেল বলেন, অতিরিক্ত এই বিরতি ফুটবল খেলার আদি যে পরিচয় সেটিকে বিঘ্নিত করছে। একই রকম মন্তব্য করেছেন উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসাও। স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ও নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইক এই বিরতির কারণকে সমর্থন জানালেও ছাদ ঢাকা স্টেডিয়াম ও আবহাওয়া অনুকূলে থাকার দিনও অতিরিক্ত বিরতির প্রয়োজন আছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছেন।

এসবের প্রতিক্রিয়ায় ফিফা সভাপতি জানান, সব দলকে সমান সুবিধা দিতেই এই সিদ্ধান্ত। তিনি বলেন ‘এবারের বিশ্বকাপে একটি দলকে ৩৯ দিনের ব্যবধানে ৮টি ম্যাচ খেলতে হতে পারে। খেলোয়াড়দের যথাযথ বিশ্রামের সুযোগ থাকা তাই খুব গুরুত্বপূর্ণ। আমরা চেয়েছি সব দল, সব ম্যাচেই একই সুযোগ-সুবিধা পাক’। ভেন্যু কিংবা আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে কোনো দল যেন অতিরিক্ত সুবিধা না পায়, সেটি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেয়া। ইনফান্তিনো বলেন, ‘একটি স্টেডিয়ামে গরম বেশি বলে কোচ সেখানে খেলার মধ্যে কৌশলগত আলোচনার সুযোগ পাবে, আর অন্য একটি স্টেডিয়ামে গরম কম থাকলে কোচ সেই সুযোগ পাবেন না, এটি মেনে নেওয়া আমাদের পক্ষে কঠিন’।

ম্যাচের ২২ ও ৬৭ মিনিটে অতিরিক্ত এই বিরতির কারণে খেলার স্বাভাবিক গতিতে ছেদ পড়ছে বলে মনে করছেন অনেকে। তবে ইনফান্তিনো বলেন, হাইড্রেশন বিরতির কারণে খেলার গতি তো কমেইনি, বরং খেলোয়াড়েরা পুরো ম্যাচ আরও বেশি সতেজভাবে খেলতে পারছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন