স্বাগতিক যুক্তরাষ্ট্র নকআউট পর্বে চলে গেছে আগেই। তুরস্ক টিকিট কেটে রেখেছে বাড়ির। ‘ডি’ গ্রুপের রানার্সআপ হওয়ার লড়াইটা এখন কেবল অস্ট্রেলিয়া ও তুরস্ককের। সান ফ্রান্সিসকোর বে এরেনায় কাল সকাল ৮টায় ভাগ্য নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দু’দল। একই সময়ে যুক্তরাষ্ট্র নিয়মরক্ষার ম্যাচে নামবে তুরস্কের বিপক্ষে।
প্যারাগুয়ের সমান তিন পয়েন্ট অস্ট্রেলিয়ার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শেষ ম্যাচে ড্র করলেই সকারুরা পেয়ে যাবে নকআউটের টিকিট। আর প্যারাগুয়েকে তৃতীয় হয়ে পরের রাউন্ডে যাওয়ার আশা রাখতে হবে।
পাঁচ দেখায় তিন জয় ও দুই ড্র নিয়ে পরিসংখ্যানে এগিয়ে অস্ট্রেলিয়া। দলের রক্ষণভাগের খেলোয়াড় জেসন গেরিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তারা ড্রয়ের জন্য খেলতে নামবেন না। জিতেই পরের রাউন্ডে পা রাখতে চান। গেরিয়া বলেন, ‘এটা স্পষ্ট যে আমরা এক পয়েন্ট নিয়ে উতরে যেতে পারি। কিন্তু আমি মনে করি না, আমাদের দল সে উদ্দেশ্য নিয়ে ঘাসে পা রাখবে।’
প্যারাগুয়ে তিন পয়েন্টের জন্য মরিয়া। তুর্কির বিপক্ষে ১০ জনের দল নিয়েও জয় কুড়ায় লাতিন আমেরিকার দলটি। ম্যাচের পর প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারো বলেন, ‘আমরা বড় দলগুলোকে সম্মান করি কিন্তু নিজেদের আন্ডারডগ মনে করি না।’ তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিগুয়েল আলমিরনের না থাকাটা ভুগাবে প্যারাগুয়েকে। মুখ ঢেকে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে কথা বলায় লাল কার্ড দেখেন আলমিরন। ফিফার নতুন নিয়মে আলমিরনই প্রথমবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হন।
‘ডি’ গ্রুপের হালচাল
যুক্তরাষ্ট্র: টানা দুই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত স্বাগতিকদের। তুরস্কের কাছে হারলেও ক্ষতি নেই।
অস্ট্রেলিয়া: তিন পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে সকারুজরা। প্যারাগুয়ের বিপক্ষে জয় কিংবা ড্রয়ে নকআউট নিশ্চিত হবে তাদের। আর হেরে গেলেও তৃতীয় হয়ে শেষ ৩২-এ যাওয়ার একটা সুযোগ থাকবে।
প্যারাগুয়ে: দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ছাড়া গত্যন্তর নেই। ড্র করলে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় তৃতীয় হবে প্যারাগুয়ে। এ ক্ষেত্রেও পরের রাউন্ডে যাওয়ার ভালো সুযোগ থাকবে দলটির।
তুরস্ক: দুই ম্যাচ হেরে ইতোমধ্যেই বাদ। শেষ ম্যাচে কেবল সান্ত্বনা খুঁজবে তারা।
নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ: ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র নকআউটে মোকাবিলা করবে বি, ই, এফ, আই অথবা জে গ্রুপে তৃতীয় হওয়া কোনো দলের। আর ‘ডি’ গ্রুপের রানার্সআপদের প্রতিপক্ষ হবে ‘জি’ গ্রুপের (বেলজিয়াম, মিসর, ইরান, নিউজিল্যান্ড) রানার্সআপ দল।
