নরওয়ে ম্যাচের আগে ফ্রান্স শিবিরে বড় ধাক্কা

ফন্ট সাইজ:

বিশ্বকাপের মাঝপথে ফ্রান্সের ডাগআউট ছাড়ছেন দেশটির কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুসংবাদ পেয়ে সাময়িকভাবে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে গেছেন তিনি। ফলে নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফরাসিদের ডাগআউটে দেশমকে দেখা যাবে না। ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে, দেশম নরওয়ে ম্যাচের আগের অনুশীলন সেশনগুলোও পরিচালনা করতে পারবেন না। তার অনুপস্থিতিতে দলের হাল ধরবেন দীর্ঘদিনের বিশ্বস্ত সহকারী গাই স্টেফান।

২৬শে জুন বোস্টনে লড়বে ফ্রান্স ও নরওয়ে। দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আই গ্রুপের শীর্ষে ফ্রান্স। গোল পার্থক্যে পিছিয়ে দ্বিতীয় স্থানে নরওয়ের পয়েন্ট সমান। এ ম্যাচের জয়ী দল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে উঠবে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ ছাড়াই মাঠে নামতে হবে ফ্রান্সকে। ২০১২ সাল থেকে ফ্রান্স জাতীয় দলের দায়িত্বে থাকা দেশম দেশটির ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন।

তার নেতৃত্বেই ২০১৮ সালে বিশ্বকাপ জেতে ফ্রান্স। ২০২২ বিশ্বকাপের ফাইনালেও দলকে তুলেছিলেন তিনি। যদিও সেখানে টাইব্রেকারে আর্জেন্টিনার কাছে হেরে রানার্সআপ হতে হয়। শুধু কোচ হিসেবে নয়, খেলোয়াড় হিসেবেও দেশমের ক্যারিয়ার ছিল গৌরবময়। ১৯৯৮ সালে ঘরের মাঠে ফ্রান্সের প্রথম বিশ্বকাপ জয়ের সময় তিনি ছিলেন দলের অধিনায়ক। আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে খেলেছেন ১০৩টি ম্যাচ। যা সে সময় ছিল ফরাসি ফুটবলের রেকর্ড।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন