কক্সবাজারের টেকনাফ উপজেলার জনগুরুত্বপূর্ণ লেঙ্গুর বিল সড়কের সংস্কার করা কাজ শেষ হতে না হতেই একাংশ জুড়ে সৃষ্টি হয়েছে বেহাল দশা। বিভিন্ন স্থানে গর্ত, খানাখন্দ আর ভাঙনের কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং যানবাহন চালকরা। স্থানীয়দের অভিযোগ- সড়কটির কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় অল্প সময়ের মধ্যেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩১ কিলোমিটার দীর্ঘ এই সড়কটির সংস্কার কাজ তিনটি পৃথক প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান তাদের কাজ শেষ করলেও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের কাজ ও দায়সারাভাবে প্রকল্প বাস্তবায়নের তীব্র অভিযোগ উঠেছে। বর্ষার শুরুতেই ধসে গেছে রাস্তার বিভিন্ন অংশ, যা ঠিকাদারদের কাজের আসল মানকে প্রশ্নবিদ্ধ করেছে। সড়কটির এমন নাজুক অবস্থার পেছনে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবকেও দায়ী করছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।
এলজিইডি’র সহকারী প্রকৌশলী মো. আলাউদ্দিন জানান, বর্ষার কারণে এবং তারও আগে থেকে সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত অংশগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য পৌরসভাকে অনুরোধ করেছি। বৃষ্টি কমলে পৌরসভা কাজ শুরু করবে বলে আশ্বস্ত করেছে। উপজেলা প্রশাসনও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। অন্যদিকে, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী জানান, সড়কের বেহাল অবস্থার বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি।
জনদুর্ভোগ কমাতে দ্রুত কী ব্যবস্থা নেয়া যায়, সে বিষয়ে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে। স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের এই আশ্বাস আর অনুরোধের চক্করে পড়ে সাধারণ মানুষের ভোগান্তি দীর্ঘায়িত হচ্ছে। শুধু কথার কথা নয়, অবিলম্বে টেকনাফ পৌরসভা ও উপজেলা প্রশাসনকে সমন্বিতভাবে মাঠে নেমে জরুরি ভিত্তিতে লেঙ্গুর বিল সড়কের ক্ষতিগ্রস্ত অংশ পুনঃসংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
