কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলার কয়েকজন নেতাকর্মী গোপনস্থানে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান পালন করেছেন বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। জানা গেছে, কালকিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর গোলাম ফারুক’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রকাশিত ভিডিওতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের দৃশ্য দেখা যায়।
ভিডিওতে উপস্থিত ছিলেন- কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক এবং কালকিনি পৌরসভার সাবেক মেয়র এনায়েত হোসেন হাওলাদারসহ কয়েকজন নেতাকর্মী। স্থানীয় সূত্রে জানা যায়, জেলা জুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় খোলামেলা পরিবেশে কর্মসূচি পালন না করে একটি বদ্ধ কক্ষে সীমিত পরিসরে এই আয়োজন করা হয়।
তবে অনুষ্ঠানটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কালকিনি থানার ওসি জহিরুল আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও আমাদের নজরে এসেছে। তবে এটি কোথায় ধারণ করা হয়েছে বা কোথায় বসে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছি। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মাঠে রয়েছে। যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
