রাজধানী ঢাকার ধানমণ্ডি ৩২-এ জামায়াতের সমাবেশে পেশাগত দায়িত্ব পালনকালে জামায়াতের নেতাকর্মীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জেলা জজ আদালত সড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
নড়াইল প্রেস ক্লাবের আয়োজনে নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এস এম আব্দুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহাবুবুর রশীদ লাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন- সাংবাদিক মোস্তফা কামাল, কাজী হাফিজুর রহমান, খায়রুল আরেফিন রানা, রাজু আহমেদ, আল-আমিন ও তানজির হোসেন প্রমুখ। বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ।
পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা ও মব জাস্টিসের ঘটনা স্বাধীন গণমাধ্যমের কণ্ঠরোধের শামিল। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সমাবেশে বক্তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
