ঢাকার নবাবগঞ্জে মোতালেব শিকদার (৬৮) হত্যা মামলায় আজমীর (৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে নবাবগঞ্জ থানার ওসি মো. আবু হানিফ জানিয়েছেন। গ্রেপ্তার আজমীর উপজেলার কলাকোপা ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত আব্দুল রফিকের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৪ই ডিসেম্বর বিকাল থেকে নিখোঁজ ছিলেন উপজেলার নয়নশ্রী ইউনিয়নের বকচর গ্রামের মৃত সাহাজুদ্দিন শিকদারের ছেলে মোতালেব শিকদার।
পরদিন ১৫ই ডিসেম্বর সকালে উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের কাশিমপুর নীমতলার আব্দুর গফুরের দোকানের সামনে থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। লাশের ডান পায়ে হাঁটুর নিচে এবং গলায় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে সুমন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করে।
