সিরাজগঞ্জে গৃহবধূ হত্যায় গ্রেপ্তার ৪

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের তাড়াশে আতিকা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলো- একই উপজেলার হামকুড়িয়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে আলাউদ্দিন (৪০), আল-আমিন (৩২), শাহজাহান আলী (৪৫) ও আলাউদ্দিনের স্ত্রী শিউলী খাতুন (৪০)। গৃহবধূ আতিকা পাবনার চাটমোহর উপজেলার গ্রামের ওসমান গনির মেয়ে ও সিরাজগঞ্জের উল্লাপাড়ার মুরাদপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক এবং হামকুড়িয়া গ্রামের আব্দুল্লাহ আল-মামুনের স্ত্রী।

বুধবার দুপুরে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯শে মে রাত আনুমানিক ৩টার দিকে হামকুড়িয়া গ্রামের গৃহবধূ আতিকার শয়নকক্ষে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। এ সময় আসামিরা ওই গৃহবধূর হাত-মুখ বেঁধে বেধড়ক মারপিট করে। এরপর তার মৃত্যু নিশ্চিত করার জন্য মামলার প্রধান আসামি আব্দুল্লাহ আল-মামুন তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে তার স্ত্রীর বুকের বাম পাশে স্তনের নিচে ছুরি ঢুকিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এমন পৈশাচিক হত্যাকাণ্ডের পর আসামিরা মরদেহটি সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আব্দুল্লাহ আল-মামুনকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এ মামলার প্রধান আসামি নিহতের স্বামী আব্দুল্লাহ আল-মামুন ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন