চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মসজিদের দোতলা থেকে মোহাম্মদ আমির হোসেন (৪৩) নামে এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থিত রাজা মিয়া সওদাগর জামে মসজিদে এ ঘটনা ঘটে। আমির বাঁশখালীর বাসিন্দা ও প্রায় ১০ বছর ধরে ওই মসজিদে ইমাম হিসেবে ছিলেন। স্থানীয় মুসল্লিরা জানান, মঙ্গলবার বিকালে তিনি আসরের নামাজে ইমামতি করেন।
এরপর থেকে তাকে আর দেখা যায়নি। মাগরিব ও এশার নামাজের সময় মসজিদ বন্ধ দেখতে পেয়ে মুসল্লিদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ সৃষ্টি হয়। পরে রাতের দিকে কয়েকজন স্থানীয় ব্যক্তি মসজিদের দোতলার জানালা দিয়ে ভেতরে তাকিয়ে একটি কক্ষে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইফতেখার আহমেদ জানান, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে পারিবারিক অশান্তির বিষয় উল্লেখ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, চিরকুটের সত্যতা এবং সেটি আমির হোসেনের লেখা কি না, তা যাচাই করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
