হবিগঞ্জের বাহুবল উপজেলার রামপুর চা বাগানে শ্মশানের জায়গাসহ বাগানের ভূমি অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বাগানের শত শত শ্রমিক। মঙ্গলবার সকালে রশীদপুর চা বাগানে এবং দুপুরে রামপুর চা বাগানে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- রামপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি চাম্পা লাল, রশীদপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি নিপেন চাষা, ইউপি সদস্য গীতা রাণী কর্মকার প্রমুখ। সমাবেশে বক্তারা অভিযোগ করেন- দীর্ঘদিন ধরে ব্যবহৃত শ্মশানের জায়গাসহ চা বাগানের অন্তত পাঁচ একর জায়গা প্রভাবশালী একটি মহল অবৈধভাবে দখলের চেষ্টা করছে।
এতে চা বাগানের শ্রমিক ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে চা বাগানের জায়গা দখলের চেষ্টাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ জায়গাটি সংরক্ষণের দাবি জানান। মানববন্ধনে নারী-পুরুষসহ বাগানের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড বহন করে জায়গা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে বলে জানা গেছে।
এ ব্যাপারে রামপুর চা বাগানের ম্যানেজার ওমর ফারুক জানান, শ্মশান শুধু একটি জায়গা নয়, এটি শ্রমিকদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের অংশ। কোনোভাবেই এ স্থান দখল করতে দেয়া হবে না। এ ছাড়া, চা বাগান দখল করলে শত শত চা শ্রমিক অনাহারে মরবে। দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
