নোয়াখালীর সেনবাগে এক স্কুলছাত্রকে মারধরের ভিডিও ধারণ করে টিকটকে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে। বুধবার বিকালে ভিডিওটি স্থানীয়দের নজরে আসে। এর আগে, গত সোমবার ২২শে জুন সন্ধ্যায় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা এলাকার কাশেম খালাসি বাড়ি সংলগ্ন একটি কালভার্টের উপর এ ঘটনা ঘটে। মারধরের শিকার মাশরাফি ইব্রাহীম (১৬) স্থানীয় বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। ভুক্তভোগী মাশরাফি অভিযোগ করে বলেন, সোমবার সন্ধ্যায় সেনবাগ বাজার থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে কাদরা ইউনিয়নের ইমনের নেতৃত্বে একদল কিশোর গ্যাং সদস্য তার সাইকেলের গতিরোধ করে। তার কাছে সিগারেট ও টাকা দাবি করে। একপর্যায়ে তাকে বেধড়ক চড়-থাপ্পড় শুরু করেন।
এ সময় হামলাকারীরা ঘটনার ভিডিও ধারণ করে। যা পরে টিকটকে ছড়িয়ে দেয়া হয়। পরে বিষয়টি রাহিকে জানালে তিনি জানান, মারধরের ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং এ বিষয়ে তিনি কিছুই জানেন না। সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী মিলন মানবজমিনকে বলেন, ভিডিওটি এখনো পুলিশের নজরে আসেনি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। তবে অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
