পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে মাদকের বিরুদ্ধে এক বিশাল মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় নাওটানা বিএম (বাবর মেমোরিয়াল) মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’- স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন ও পথসভায় নাওটানা বিএম (বাবর মেমোরিয়াল) মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। পরে বিদ্যালয়ের গেট সংলগ্ন নাজিরপুর-বৈঠাকাটা মহাসড়কে একটি বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দেশের যুবসমাজকে রক্ষার আহ্বান জানান। একটি মাদকমুক্ত সমাজ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে দল-মত নির্বিশেষে এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন এবং এলাকায় মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পরে অনুষ্ঠিত পথসভায় মাদকবিরোধী বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তব্য দেন মানববন্ধনের আহ্বায়ক মো. জাকির হোসেন, শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আদিল হোসেন হাওলাদার, শহীদ জননী মহিলা মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. মনির হোসেন, নাজিরপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. আল-আমিন খান, নাওটানা বিএম মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, ৪নং দীর্ঘা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রেজাউল কবির (বিপ্লব), ৪নং দীর্ঘা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মো. আজমল হোসেন দিপুসহ অনেকে।
