নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধা

ফন্ট সাইজ:

নওগাঁর সাপাহার উপজেলার পাতারী সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ মোট নয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি বাধার মুখে তারা প্রবেশ করতে পারেননি। ফলে তারা বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। নওগাঁ-১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, গতকাল ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার আদাতলা সীমান্ত চৌকি (বিওপি) এলাকার সীমান্ত পিলার ২৪৪/এমপি দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশইনের চেষ্টা করে।

এদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে। সংবাদ পাওয়ার পর আদাতলা সীমান্ত চৌকির (বিওপি) বিজিবি’র টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয়। বর্তমানে ওই ৯ ব্যক্তি ভারত ও বাংলাদেশের দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবি’র অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় জনগণের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। শূন্যরেখায় অবস্থান করা ৯ ব্যক্তিকে ফেরত নেয়ার বিষয়ে সকালে বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে।

তবে বিএসএফ তাদের ফেরত নিতে অস্বীকার করায় ব্যাটালিয়ন পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলেও জানান নওগাঁ-১৬ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম। এর আগে গত ৫ই জুন সাপাহার, ৮ই জুন পোরশা ও গতকাল সাপাহার সীমান্তে ৯ জনসহ ৪০ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা বিজিবি স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ব্যর্থ করে দিয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন