বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে যে আন্তরিকতা, সম্মান ও উষ্ণতার বহিঃপ্রকাশ ঘটেছে, তা নিঃসন্দেহে দুই দেশের সম্পর্কের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব কূটনীতি যখন ক্রমেই স্বার্থ, প্রতিযোগিতা এবং ভূরাজনৈতিক হিসাব-নিকাশের আবর্তে আবদ্ধ হয়ে পড়ছে, তখন বাংলাদেশ ও মালয়েশিয়ার দুই নেতার মধ্যে গড়ে ওঠা এই আন্তরিক সম্পর্ক আমাদের মনে করিয়ে দেয়—রাষ্ট্রের সম্পর্কের ভিত্তি শুধু চুক্তি বা সমঝোতা নয়, পারস্পরিক আস্থা, সম্মান এবং মানবিক সংযোগও সমান গুরুত্বপূর্ণ।
কুয়ালালামপুরে দুই প্রধানমন্ত্রীর উষ্ণ আলাপচারিতা, তাদের পারিবারিক সৌহার্দ্য, ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা এবং দুই দেশের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার যেন নতুন সম্ভাবনার এক জানালা খুলে দিয়েছে।
রাষ্ট্রবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ সত্য হলো, অনেক সময় রাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নিয়ে যায় ব্যক্তিগত আস্থা ও নেতৃত্বের রসায়ন। যখন দুই দেশের নেতা একে অপরকে বিশ্বাস করেন, একে অপরের উদ্দেশ্য সম্পর্কে ইতিবাচক ধারণা পোষণ করেন, তখন জটিল সমস্যার সমাধানও সহজ হয়ে ওঠে। মালয়েশিয়া সফরে সেই আস্থার প্রতিফলন আমরা স্পষ্টভাবেই দেখতে পেয়েছি।
এই সফরের আরেকটি মানবিক ও হৃদয়স্পর্শী দিক ছিল দুই প্রধানমন্ত্রীর সহধর্মিণীদের আন্তরিক উপস্থিতি। কূটনীতির জগতে পরিবার-পর্যায়ের সম্পর্ক অনেক সময় রাষ্ট্রের আনুষ্ঠানিক সম্পর্ককে আরও দৃঢ় করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের মধ্যে যে সৌহার্দ্য, আন্তরিকতা এবং পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ সৃষ্টি হয়েছে, তা দুই দেশের জনগণের কাছেও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।
একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সফরের ভিডিওচিত্রে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়কে অত্যন্ত সম্মানের সঙ্গে তুলে ধরা হয়েছে। সেখানে হাবিব ওয়াহিদের গাওয়া ‘মহাজাদু’ গান ব্যবহার করা হয়েছে, যা নিছক একটি সঙ্গীত নির্বাচন নয়; বরং এটি বাংলাদেশের সংস্কৃতি ও জনগণের প্রতি সম্মান প্রদর্শনের এক অনন্য দৃষ্টান্ত। কূটনীতির আধুনিক ভাষায় এটিকে বলা হয় সাংস্কৃতিক সংযোগের শক্তি, যা অনেক সময় রাজনৈতিক ঘোষণার চেয়েও বেশি প্রভাব বিস্তার করে।
এখানে উল্লেখ করা দরকার যে, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কের ইতিহাস নতুন নয়। স্বাধীনতার পর থেকেই দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। বিশেষ করে মুসলিম বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ উন্নয়নশীল দেশ হিসেবে উভয়ের মধ্যে সহযোগিতার ক্ষেত্র ক্রমাগত বিস্তৃত হয়েছে। শিক্ষা, শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সমর্থনের মধ্য দিয়ে এই সম্পর্ক শক্তিশালী হয়েছে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়েও মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিশেষ গুরুত্ব পেয়েছিল। সেই সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়ন মডেল বাংলাদেশের নীতিনির্ধারকদের কাছে অনুপ্রেরণার উৎস ছিল। মালয়েশিয়ার দ্রুত অর্থনৈতিক অগ্রগতি, শিল্পায়ন এবং মানবসম্পদ উন্নয়নের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষার ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়েছে।
আজ যখন তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মালয়েশিয়া সফর করেন, তখন অনেকেই সেই ঐতিহাসিক ধারাবাহিকতার প্রতিফলন দেখতে পাচ্ছেন। এটি কোনো পারিবারিক বা ব্যক্তিগত বিষয় নয়; বরং দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা রাজনৈতিক ও কূটনৈতিক আস্থার একটি স্বাভাবিক সম্প্রসারণ। ইতিহাসের যে সেতুবন্ধন একসময় জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সময়ে তৈরি হয়েছিল, বর্তমান প্রজন্মের নেতৃত্ব সেটিকে নতুন বাস্তবতায় আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছে।
বর্তমান বৈশ্বিক অর্থনীতির বাস্তবতায় বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর একটি হলো বাণিজ্য ও বিনিয়োগ।
বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির অন্যতম। অন্যদিকে মালয়েশিয়া প্রযুক্তি, উৎপাদনশিল্প, ইসলামিক ফাইন্যান্স এবং অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি সফল মডেল। ফলে দুই দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা বিশাল।
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শিল্পপার্ক, জ্বালানি খাত, ডিজিটাল অবকাঠামো এবং উচ্চপ্রযুক্তি শিল্পে মালয়েশিয়ার বিনিয়োগ নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। একইভাবে বাংলাদেশের বৃহৎ বাজার এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণি মালয়েশিয়ার ব্যবসায়ীদের জন্যও আকর্ষণীয় সুযোগ তৈরি করছে।
শ্রমবাজারের বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষাধিক বাংলাদেশি কর্মী বহু বছর ধরে মালয়েশিয়ার উন্নয়নে অবদান রেখে আসছেন। তারা শুধু শ্রমিক নন; তারা দুই দেশের বন্ধুত্বের জীবন্ত দূত। তাদের ঘাম ও শ্রমের মাধ্যমে একদিকে মালয়েশিয়ার অর্থনীতি উপকৃত হয়েছে, অন্যদিকে বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী হয়েছে। তাই শ্রমবাজারের সব জটিলতা দূর করে আরও স্বচ্ছ, মানবিক এবং টেকসই ব্যবস্থা গড়ে তোলা এখন সময়ের দাবি।
তবে এই সফরের সবচেয়ে বড় অর্জন সম্ভবত কোনো নির্দিষ্ট চুক্তি নয়; বরং পারস্পরিক বিশ্বাসের পরিবেশ সৃষ্টি। কারণ বিশ্বাস থাকলে চুক্তি হয়, বিনিয়োগ আসে, বাজার খুলে যায়, ভিসা সহজ হয়, শিক্ষাবিনিময় বাড়ে এবং জনগণের মধ্যে যোগাযোগ গভীর হয়। বিশ্বাস না থাকলে সবচেয়ে বড় চুক্তিও কাগজেই সীমাবদ্ধ থাকে।
বিশ্ব আজ এক অনিশ্চিত সময় অতিক্রম করছে। যুদ্ধ, ভূরাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, অর্থনৈতিক মন্দা এবং বাণিজ্যিক অনিশ্চয়তা আন্তর্জাতিক সম্পর্ককে জটিল করে তুলেছে। এমন বাস্তবতায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মতো উন্নয়নমুখী দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা শুধু দ্বিপক্ষীয় স্বার্থেই নয়, বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও গুরুত্বপূর্ণ।
দুই দেশের সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি হলো অভিন্ন মূল্যবোধ। মধ্যপন্থা, সহনশীলতা, উন্নয়ন, শিক্ষা এবং সামাজিক সম্প্রীতির মতো বিষয়গুলোতে উভয় দেশের মধ্যে যথেষ্ট মিল রয়েছে। এই অভিন্নতা ভবিষ্যতে আরও গভীর কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি হতে পারে।
সফরের শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন যাত্রা বাংলাদেশের বহুমাত্রিক কূটনীতিরও একটি প্রতীক। বাংলাদেশ একদিকে মালয়েশিয়ার মতো আঞ্চলিক অংশীদারের সঙ্গে সম্পর্ক গভীর করছে, অন্যদিকে বৃহৎ অর্থনৈতিক শক্তিগুলোর সঙ্গেও সহযোগিতা বাড়াচ্ছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশ এখন আত্মবিশ্বাসী, বাস্তববাদী এবং জাতীয় স্বার্থকেন্দ্রিক পররাষ্ট্রনীতি অনুসরণ করছে।
এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো—এই উষ্ণতা কি বাস্তব অর্জনে রূপ নেবে? আমি মনে করি অবশ্যই নেবে,যদি উভয় দেশ বন্ধুত্বের এই সদিচ্ছাকে কার্যকর কর্মপরিকল্পনায় রূপান্তর করতে সক্ষম হয়। শ্রমবাজার সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, যৌথ বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতা এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে এই সম্পর্ক আরও গভীর হতে পারে।
বাংলাদেশ ও মালয়েশিয়ার নেতৃত্বের মধ্যে যে আস্থা ও আন্তরিকতা তৈরি হয়েছে, সেটিকে কাজে লাগিয়ে বহুদিনের অমীমাংসিত বিষয়গুলোর সমাধান করা সম্ভব। যে দরজাগুলো দীর্ঘদিন ধরে অর্ধেক খোলা ছিল, সেগুলো পুরোপুরি খুলে দেওয়ার এটাই উপযুক্ত সময়।
পরিশেষে বলা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের এই উষ্ণ সম্পর্ক কেবল দুই নেতার ব্যক্তিগত সৌহার্দ্যের প্রতিফলন নয়; এটি দুই জাতির ভবিষ্যৎ সম্ভাবনার প্রতীক। দুই প্রধানমন্ত্রীর আন্তরিকতা, দুই পরিবারের সৌহার্দ্য, ঐতিহাসিক বন্ধুত্বের ধারাবাহিকতা এবং পারস্পরিক উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষা—সব মিলিয়ে বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ক আজ এক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। এখন প্রত্যাশা একটাই—অভূতপূর্ব এই বন্ধুত্বের উষ্ণতায় সত্যিই যেন খুলে যায় সকল দুয়ার। দূর হোক সকল ভুল বোঝাবুঝি, অবসান হোক প্রশাসনিক জটিলতা ও দীর্ঘদিনের অচলাবস্থার। শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন নতুন ক্ষেত্র উন্মোচিত হোক দুই দেশের জনগণের কল্যাণে।
লেখক: সাংবাদিক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক ও সম্পাদক, আমার দিন।
ই-মেইল: [email protected]
