জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে যুব দলের ভূমিকা অপরিসীম। এবার ভবিষ্যতের তারকা ক্রিকেটার তুলে আনার এই গুরুদায়িত্ব পেলেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। গতকাল তাকে আনুষ্ঠানিকভাবে অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত হান্নান। খেলোয়াড় তৈরির প্রক্রিয়াকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। মাঠের পারফরম্যান্সের চেয়ে মানসম্পন্ন ক্রিকেটার তৈরিতেই তার মূল মনোযোগ থাকবে। অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব নিয়ে হান্নান জানান, নির্বাচক প্যানেলে থাকার সময় থেকেই কোচিংয়ে ফেরার একটা সুপ্ত স্বপ্ন তার মনে ছিল। এ নিয়ে হান্নান বলেন, ‘সুযোগটা যখন আসে, তখন ১ বছর থাকতেই আমি নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করি; নিশ্চিতভাবেই আমার জন্য ভালো একটা সিদ্ধান্ত ছিল।
স্বপ্ন তো কোচিংয়ে আসার অনেক আগে থেকেই ছিল। নির্বাচক হওয়ার আগেও কোচিংয়ে ছিলাম। ২০১১, খেলা ছাড়ার পর তিন বছর প্রিমিয়ার লীগে কোচিং করিয়েছি, প্রথম শ্রেণির ক্রিকেটে কোচ ছিলাম, তারপর নির্বাচকের দায়িত্বে আসা।’
অবসরের পর ৩ বছর প্রিমিয়ার লীগে এবং প্রথম শ্রেণির ক্রিকেটে কোচিং করিয়েছেন হান্নান। দেশি কোচদের বিসিবি অগ্রাধিকার দেয়ায় ১ বছর আগেই নির্বাচকের পদ ছাড়েন তিনি। ডেভেলপমেন্টের চেয়ারম্যানের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে অনূর্ধ্ব-১৯ দলের মিশন শেষে তরুণ খেলোয়াড়রা যেন এইচপি বা অনূর্ধ্ব-২৩ দলে গিয়ে বিশ্ব ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করতে পারে, সেটিই হবে তার মূল লক্ষ্য। অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে ফলাফল অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক মানের ৫ থেকে ১০ জন খেলোয়াড় তৈরির প্রক্রিয়াতেই মূল নজর হান্নানের। দীর্ঘমেয়াদী সঠিক প্রক্রিয়াই দলকে সাফল্য এনে দেবে বলে তিনি মনে করেন।
