‘সি’ গ্রুপে ব্রাজিলকে ঘিরে শেষ অঙ্ক

‘সি’ গ্রুপে ব্রাজিলকে ঘিরে শেষ অঙ্ক

ফন্ট সাইজ:

নব্বই মিনিটের ব্যবধানে বদলে যেতে পারে ‘সি’ গ্রুপের পুরো চিত্র। ব্রাজিল এখন শীর্ষে। কিন্তু এদিক সেদিক হলে সেলেসাওরা নেমে যেতে পারে তৃতীয় স্থানে। তিনে থাকা স্কটল্যান্ড হয়ে যেতে পারে গ্রুপ চ্যাম্পিয়ন। মরক্কোর সামনেও খোলা শীর্ষে ওঠার পথ। এমন অনিশ্চয়তার আবহেই কাল ভোর ৪টায় মায়ামিতে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও স্কটল্যান্ড। একই সময়ে আটলান্টা স্টেডিয়ামে হাইতির বিপক্ষে নামবে মরক্কো। হাইতি ইতিমধ্যে বিদায় নিয়েছে।

সম্মান রক্ষার লড়াইটাই তাদের শেষ ম্যাচের প্রেরণা। ব্রাজিলের সমীকরণ সহজ। হার এড়ালেই ‘সি’ গ্রুপ থেকে নকআউট নিশ্চিত পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। কিন্তু সেলেসাওরা কি শুধু ড্র নিয়ে সন্তুষ্ট থাকবে? গ্রুপসেরার লক্ষ্যেই স্কটল্যান্ডের বিপক্ষে জয় খুঁজবে কার্লো আনচেলত্তির দল। কোচ আনচেলত্তিও ইঙ্গিত দিয়ে রেখেছেন- কোনো ‘যদি, তবে...’-এর ভেতর ঢুকতে চান না। স্কটিশদের হারিয়ে কোনো ঝুঁকি ছাড়াই নকআউটে পা রাখার লক্ষ্য সেলেসাওদের।

স্কটল্যান্ডের বিপক্ষে ১০ দেখায় ৮টিতেই জিতেছে ব্রাজিল। ড্র দুটি। তবু ম্যাচটি সহজ হবে না বলেই ধারণা গিলাবার্তো সিলভার। সেলেসাওদের সাবেক এই বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘আমি মনে করি, ব্রাজিলের জন্য ম্যাচটি কঠিন হবে। বর্তমান স্কটল্যান্ড দলে যথেষ্ট মানসম্পন্ন খেলোয়াড় রয়েছেন। বিশেষ করে স্কট ম্যাকটমিন মাঝমাঠে বড় হুমকি হতে পারে। তাই ব্রাজিলকে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে। অতীত ফলাফলের ভিত্তিতে স্কটল্যান্ডকে আন্ডারডগ বলা যায়। কিন্তু যেকোনো কিছুই হতে পারে। কারণ, স্কটল্যান্ডের কিছু হারানোর নেই।’

স্কটল্যান্ডের কাছে হেরে গেলে সমীকরণের মারপ্যাঁচে জড়িয়ে যাবে ব্রাজিল। তখন অন্য ম্যাচে মরক্কো জিতলে বা ড্র করলে ব্রাজিলের আর সরাসরি নকআউটে যাবার সুযোগ নেই। তৃতীয় দল হিসেবে টিকে থাকার আশা রাখতে হবে। তবে ব্রাজিল ও মরক্কো উভয় দলই যদি হারে তাহলে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল যাবে নকআউটে। এক্ষেত্রে সুবিধা পেতে পারে ব্রাজিল। মরক্কোর চেয়ে দুই গোলে এগিয়ে রয়েছে তারা।

‘সি’ গ্রুপ: কার কী প্রয়োজন
ব্রাজিল
গ্রুপসেরা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে ব্রাজিল। মরক্কো বড় ব্যবধানে না জিতলে স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে শীর্ষ দল হিসেবে শেষ ৩২-এ যাবে সেলেসাওরা।
ব্রাজিল ও মরক্কো দুই দলই জিতলে গোল ব্যবধান হিসাব হবে। গোল ব্যবধানও সমান হলে কে কতটি গোল করলো সেই হিসাবে গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। বর্তমানে মরক্কোর চেয়ে ব্রাজিল ২ গোলে এগিয়ে রয়েছে।

ড্র করলেও অন্তত দ্বিতীয় হয়ে নকআউট পর্বে যাবে।
কিন্তু হেরে গেলে আর অন্য ম্যাচে মরক্কো জিতলে বা ড্র করলে ব্রাজিলের ভাগ্য ঝুলে যাবে। তৃতীয় দল হিসেবে যাওয়ার আশা করতে হবে।

ব্রাজিল ও মরক্কো উভয় দলই যদি হারে তাহলে গোল ব্যবধানে এগিয়ে থাকা দল যাবে নকআউটে।
মরক্কো

জয় কিংবা ড্রয়ে নকআউট নিশ্চিত করবে।
হারলেও পরের রাউন্ডের টিকিট মিলবে যদি অন্য ম্যাচে ব্রাজিল জয় পায়।
তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে নিজেদের জয়ের পাশাপাশি অন্য ম্যাচে ব্রাজিলকে পয়েন্ট হারাতে হবে। আর ব্রাজিল জিতলেও গোল ব্যবধানে (বর্তমানে মরক্কো +১, ব্রাজিল +৩) এগিয়ে থাকতে হবে মরক্কোর।
স্কটল্যান্ড

জিতলেই নকআউট নিশ্চিত।
জিতলে এবং মরক্কো ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।
ড্র করলেও নকআউটে যাওয়ার সুযোগ থাকবে, তবে নিশ্চিত নয়।
হাইতি

কোনো আশা নেই। ইতিমধ্যেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।
শেষ ৩২ রাউন্ডে সম্ভাব্য প্রতিপক্ষ: দ্বিতীয় রাউন্ডে ‘সি’ গ্রুপের সেরা দল খেলবে ‘এফ’ গ্রুপের (নেদারল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া) রানার্সআপের সঙ্গে। আর ‘সি’ গ্রুপের রানার্সআপের প্রতিপক্ষ ‘এফ’ গ্রুপ রানার্সআপ। খুব সম্ভবত নেদারল্যান্ড ও জাপান এই গ্রুপ থেকে সরাসরি নকআউটে যাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন