তিনি মাঠে নামলেই হচ্ছে নতুন রেকর্ড। আর্জেন্টিনার সংবাদ সম্মেলন মানে যেন লিওনেল মেসিকে নিয়ে প্রশ্ন। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পরেও এর ব্যতিক্রম হলো না। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি তো বলেই দিলেন, মেসিকে নিয়ে কথা বলতে বলতে রীতিমত ক্লান্ত তিনি! আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক দিয়ে নিজের ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ মিশন শুরু করেছেন মেসি। প্রথম ম্যাচে করেছেন রেকর্ড গড়া হ্যাটট্রিক। দ্বিতীয় ম্যাচেও মেসির পা থেকে এলো জোড়া গোল।
এই ম্যাচেই মেসি গড়েছেন নতুন রেকর্ড। ১৮তম গোলের সুবাদে মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে তিনিই এখন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের পর স্কালোনি বলেন, ‘দল যখন খারাপ খেলছিল, তখনো মেসি বল কেড়ে নিয়েছে। তার এমন ডেডিকেশনের পেছনে অবশ্যই একটা বড় কারণ আছে। এটা সে সতীর্থদের মধ্যেও নিয়ে আসে। আমি আর কী বলব, ভাষা খুঁজে পাচ্ছি না, মেসিকে নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। লিও যখন জ্বলে ওঠে, তখন দলের সবাই জ্বলে ওঠে।’ স্কালোনি দলের সাফল্যে খুশি, ‘অস্ট্রিয়া কঠিন দল। শারীরিকভাবে তারা শক্তিশালী। তাদের সঙ্গে জয়ে পরের রাউন্ডে যেতে পেরে খুশি।
আমরা ধৈর্য ধরে বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিলাম, আমরা জানতাম যে নিজেরা চেনা ছন্দ খুঁজে পাচ্ছি এবং আমরা সুযোগও তৈরি করেছি।’
