দেশ বদলে আলো ছড়ালেন গুইরি

দেশ বদলে আলো ছড়ালেন গুইরি

ফন্ট সাইজ:

৮২ মিনিট পেরিয়ে গেছে। জর্ডানের বিপক্ষে ম্যাচ তখন ১-১ সমতায়। আলজেরিয়ার বিশ্বকাপ অভিযান ঝুলছে সুতোয়। ঠিক তখনই এগিয়ে এলেন আমিন গুইরি। মুহূর্তের ঝড়ে সব বদলে দিলেন। দলকে এনে দেন মূল্যবান তিন পয়েন্ট। আলজেরিয়ার বিশ্বকাপ ইতিহাসে নির্ধারিত সময়ে সবচেয়ে দেরিতে করা গোল এটি।

২০০০ সালের ১৬ই ফেব্রুয়ারি ফ্রান্সের বুর্গোয়াঁ-জালিউতে জন্ম আমিন ফরিদ গুইরির। আলজেরিয়ান বংশোদ্ভূত এই ফুটবলারের আছে দ্বৈত নাগরিকত্ব। ক্যারিয়ারের শুরুতে ফ্রান্সের বিভিন্ন বয়সভিত্তিক দলের হয়ে দাপটের সঙ্গেই খেলেছেন। ২০১৭ সালের ইউরোপিয়ান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে সাত গোল করে হন সর্বোচ্চ গোলদাতা। একই বছর ভারতে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে করেন পাঁচ গোল। তখন থেকেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজর ছিল গুইরির দিকে। বিখ্যাত পত্রিকা গার্ডিয়ান বিশ্বের সেরা তরুণ প্রতিভাদের তালিকায় তাকে রেখেছিল। কিন্তু হৃদয়ের টান ছিল অন্যদিকে। ২০২৩ সালের সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে আলজেরিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নিলেন। ফ্রান্সের যুব ফুটবলের পরিচর্যায় বড় হওয়া এই তারকা বেছে নিলেন পূর্বপুরুষের দেশকে।

২০১৩ সালে মাত্র ১৩ বছর বয়সে লিওঁর বিখ্যাত একাডেমিতে যোগ দেন গুইরি। ২০১৭ সালে মাত্র ১৭ বছর বয়সে লীগ ওয়ানে অভিষেক। ২০২০ সালে ৭০ লাখ ইউরোতে নিস-এ যোগ দিয়ে শুরু নতুন অধ্যায়। লীগের ইতিহাসে ক্লাবের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকে জোড়া গোল করেন। ২০২২ সালে রেনেসে যোগ দেন। তিন মৌসুমে ৮৩ ম্যাচে করেন ২৫ গোল। ২০২৫ সালের জানুয়ারিতে ২২ মিলিয়ন ইউরোতে মার্সেইতে যোগ দেন গুইরি। প্রথম মৌসুমেই ১৪ ম্যাচে করেন ১০ গোল। এপ্রিলে ব্রেস্তের বিপক্ষে ওভারহেড কিকসহ করেন হ্যাটট্রিক। এবারের মৌসুমে ক্লাবটির হয়ে ৩৬ ম্যাচে ১৮ গোল করেছেন ২৬ বছর বয়সী এ ফুটবলার। লিওঁ থেকে উঠে আসা যেকোনো ফরোয়ার্ডকেই বলা হয় ‘পরবর্তী বেনজেমা’। গুইরিকেও বলা হয়। মিল শুধু কথায় নয়, খেলার ধরনেও।

বেনজেমার মতোই গোল করার পাশাপাশি প্লে মেকিংয়ে সমান স্বাচ্ছন্দ্য তার। সেই ছাপ রাখলেন জর্ডানের বিপক্ষে। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি আলজেরিয়া। উল্টো ৩৬ মিনিটে মুসা আল-তামারির অ্যাসিস্ট থেকে নিযার আল-রাশদান গোল করে জর্ডানকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। বিরতির পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে একাধিক পরিবর্তন আনেন আলজেরিয়া কোচ। তার ফলও আসে দ্রুত। ৬৮ মিনিটে অধিনায়ক রিয়াদ মাহরেজের কর্নার থেকে নাধির বেনবুয়ালি হেডে সমতা ফেরান। আর ৮২ মিনিটে কর্নার থেকে সৃষ্ট জটলায় কাছ থেকে বল জালে জড়িয়ে দেন আমিন গুইরি। ২৫ ম্যাচে আলজেরিয়ার জার্সিতে এটি তার ১১তম গোল। এই জয়ে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে নকআউট পর্বে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখলো আলজেরিয়া।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন