টানা দুই জয়ে নকআউট পর্বের টিকিট তো বটেই, গ্রুপ সেরার আসনও নিশ্চিত করে ফেলে মেক্সিকো। তাই চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তাদের শেষ ম্যাচটি অনেকটা আনুষ্ঠানিকতার। কিন্তু চেকিয়ার জন্য সেটিই আবার বাঁচা-মরার লড়াই। সরাসরি নকআউটে যেতে শুধু জয় পেলেই চলবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। সে লক্ষ্য নিয়ে কাল সকাল ৭টায় মেক্সিকো সিটি স্টেডিয়ামে স্বাগতিকদের মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। একই সময়ে এস্তাদিও মনতেরেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নামবে দক্ষিণ কোরিয়া। সন হিউং-মিনদের সমীকরণ তুলনামূলক সহজ- ড্র করলেই নিশ্চিত হতে পারে শেষ ৩২-এর টিকিট। তবে হারলে খুলে যাবে চেকিয়া ও দক্ষিণ আফ্রিকার সম্ভাবনার দুয়ার। ফলে ‘এ’ গ্রুপের শেষ দিনে নকআউটের বাকি দুই টিকিটের জন্য জমে উঠছে দক্ষিণ কোরিয়া, চেকিয়া ও দক্ষিণ আফ্রিকার ত্রিমুখী লড়াই।
মেক্সিকোর কাছে হারের গ্লানি ঝেরে ফেলে নব উদ্দ্যমে নামছে দক্ষিণ কোরিয়া। কোচ হং মাইয়াং-বো বলেন, ‘হতাশার কিছু নেই। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। দক্ষিণ আফ্রিকা দলটির ভালো গতি আছে। আমাদের ট্যাকটিক্যালি প্রস্তুতি নিতে হবে।’
অন্যদিকে, চেকিয়ার বিপক্ষে লড়াকু ড্রয়ের পর আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকা কোচ হুগো ব্রুস। কোরিয়ার বিপক্ষে দলের লড়াকু মনোভাবটাই দেখতে চান তিনি। চেকিয়া ম্যাচের পর ব্রুস বলেছিলেন, ‘যদি শেষ ম্যাচে আমরা এভাবে খেলতে পারি, আমার মনে হয় শেষ ৩২-এ যাওয়ার যোগ্যতা আছে আমাদের।’
গ্রুপ ‘এ’: কার কী প্রয়োজন
মেক্সিকো (৬ পয়েন্ট)
ইতোমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন। শেষ ৩২-এ তৃতীয় স্থানধারী একটি দলের মুখোমুখি হবে স্বাগতিকরা।
দক্ষিণ কোরিয়া (৩ পয়েন্ট)
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলে বা ড্র করলেই দ্বিতীয় স্থান নিশ্চিত। অন্য ম্যাচে চেকিয়া জিতলেও হেড টু হেড রেকর্ডের কারণে কোরিয়া এগিয়ে থাকবে। হেরে গেলে আর অন্য ম্যাচে চেকিয়া ড্র করলে বা হারলে তৃতীয় স্থানে নেমে যাবে কোরিয়া। চেকিয়া জিতলে আর দক্ষিণ কোরিয়া হারলে বিদায় ঘণ্টা বাজতে পারে কোরিয়ার।
চেক প্রজাতন্ত্র (১ পয়েন্ট)
মেক্সিকোকে হারালে দ্বিতীয় হতে পারে চেকিয়া। তবে অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকেও হারতে হবে। তাও যথেষ্ট নয়। দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো টাইব্রেকারও (বর্তমানে গোল ব্যবধান) ধরে রাখতে হবে চেক প্রজাতন্ত্রকে।
কিন্তু দক্ষিণ কোরিয়াকে হারিয়ে যদি দক্ষিণ আফ্রিকা গোল ব্যবধানে চেকিয়াকে টপকে যায় তাহলে চেকিয়া তিনে নেমে যাবে। আবার দক্ষিণ কোরিয়া জিতলে বা ড্র করলে নিজেরা জিতেও তৃতীয় হয়ে তুষ্ট থাকতে হবে চেকিয়াকে।
দক্ষিণ আফ্রিকা পয়েন্ট খোয়ালে ড্র করেও তৃতীয় হতে পারে চেক প্রজাতন্ত্র। এমনকি হেরেও তৃতীয় হওয়া সম্ভব। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকেও হারতে হবে এবং টাইব্রেকারে চেকিয়াকে দক্ষিণ আফ্রিকার ওপরে থাকতে হবে।
দক্ষিণ আফ্রিকা (১ পয়েন্ট)
গ্রুপে সবার নিচে থাকলেও চেক প্রজাতন্ত্র পয়েন্ট খোয়ালে যেকোনো ব্যবধানের জয়ে উতরে যাবে দক্ষিণ আফ্রিকা।
আবার চেকিয়া জয় পেলেও যদি দক্ষিণ আফ্রিকা গোল ব্যবধানে তাদের টপকে যায় তাহলে রানার্সআপ হবে আফ্রিকা।
আর আফ্রিকা তৃতীয় হবে যদি চেকিয়া হারে আর তারাও না জেতে। এমনকি হেরেও তৃতীয় হওয়া সম্ভব। সেক্ষেত্রে চেকিয়ার হারতে হবে বড় ব্যবধানে এবং টাইব্রেকে চেকিয়ার থেকে এগিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
শেষ ৩২ রাউন্ডে সম্ভাব্য প্রতিপক্ষ: নকআউট পর্বে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন মেক্সিকোর প্রতিপক্ষ তৃতীয় হওয়া কোনো দল। আর গ্রুপ রানার্সআপের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ (কানাডা, সুইজারল্যান্ড, বসনিয়া, কাতার)।
