চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা বর্ষা। এ নায়িকা বরাবরই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ এলে প্রিয় দলটির খেলা কখনো মিস করেন না। স্বামী ও দুই ছেলে মিলে এবারের খেলা দেখছেন তিনি।
আর্জেন্টিনার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব বর্ষা। দলের পক্ষে উচ্ছ্বাস ও উন্মাদনা প্রকাশ করছেন বিভিন্ন পোস্ট ও ছবি প্রকাশের মাধ্যমে। বর্ষা বলেন, আমি আর্জেন্টিনার ডাই হার্ড ফ্যান। এটা ছোটবেলা থেকেই। এখন তো দুই ছেলেকে সঙ্গে নিয়ে খেলা দেখি। আমার দুই ছেলেও আর্জেন্টিনার ফ্যান। শেষ ম্যাচটি ওদের নিয়ে দেখেছি।
মেসির খেলা দারুণ উপভোগ করছি। দুটি খেলাতে সে ৫ টি গোল করেছে। মারাত্মক ফর্মে রয়েছেন মেসি। আর্জেন্টিনা এভাবে খেলতে থাকলে অবশ্যই এবারো চ্যাম্পিয়ন হবে। আর এবার আর্জেন্টিনার খেলা মিস করছি না।
খেলার দিন নানারকম খাবারের আয়োজনও থাকছে। সবমিলিয়ে বিশ্বকাপটা আমার জন্য বেশ উপভোগ্য ও স্মরণীয় হয়ে থাকবে।
