জনপ্রিয় নায়ক সালমান শাহ’র মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। খবরটি নিশ্চিত করেছেন মামলার বাদী সালমান শাহ’র মামা ও চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম। তিনি বলেন, সালমান শাহ’র লাশ কবর থেকে তোলার নির্দেশ বাতিল করেছেন মহামান্য আদালত। আমি লাশ তোলার ব্যাপারে আপত্তি জানিয়ে আবেদন করেছিলাম।
কারণ তার (সালমান শাহ) দাফন হয়েছে হযরত শাহজালাল (রহ.)-এর রওজা শরীফে। দুইবার পোস্টমর্টেম হয়েছে। দ্বিতীয়বার বলা হয়েছে ডিকম্পোজড। ধর্মীয় অনুভূতি, সালমানের মা ও ভক্তবৃন্দের আপত্তি বিবেচনা করা হয়েছে। কেননা ভক্তরা ঘোষণা দিয়েছিলেন সালমান শাহ’র লাশ তোলা হলে তারা আত্মহত্যা করবেন। এর পরিপ্রেক্ষিতে আবেদন করেছিলাম।
মাননীয় আদালত সেটি গ্রহণ করেছেন। এর আগে গেল ২৪শে মে অভিনেতার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেন আদালত। ২০শে মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ সালমান শাহ’র লাশ তোলার আবেদন করেছিলেন।
তিনি বলেছিলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহ’র লাশ কবর থেকে উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে, তা শেষ করে আমরা লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করবো।
