ফুটবল বিশ্ব বুঁদ হয়ে আছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের মধ্যকার এক অদৃশ্য দ্বৈরথে। তবে বিশ্বকাপের গোলসংখ্যা নিয়ে আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে এই ‘দ্বৈরথ’কে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন ফরাসি অধিনায়ক এমবাপ্পে। ইরাকের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে দুর্দান্ত এক জোড়া গোল করেছেন তিনি। এই নিয়ে বিশ্বকাপে তার মোট গোল হলো ১৬টি, যা তাকে বসিয়েছে জার্মানির মিরোস্লাভ ক্লোসার পাশে। এমবাপ্পে জানিয়েছেন, নিজেকে চাপমুক্ত রাখতে মেসির কীর্তি নিয়ে একদমই ভাবছেন না তিনি।
ফিলাডেলফিয়ার তীব্র বজ্রঝড়ের কারণে ফ্রান্সের ম্যাচটি প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। তবে সেই প্রতিবন্ধকতাও থামাতে পারেনি ফরাসিদের। এমবাপ্পের জোড়া গোল এবং উসমান দেম্বেলের এক গোলে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট নিশ্চিত করেছে দিদিয়ে দেশমের দল। নিজের শততম আন্তর্জাতিক ম্যাচে এই কীর্তি গড়ার পর মেসির সঙ্গে তুলনা প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘মেসির সঙ্গে কোনো ব্যক্তিগত লড়াই নেই। লিও গোল করেছে, করছে এবং সবসময়ই করবে। ও কী করছে তা আমি দেখি না। দেখতে গেলে তো আমার নিজের ওপর বাড়তি চাপ পড়বে। আমি শুধু আমার দলের দিকে তাকাই। গোল করলে রেকর্ডের কাছাকাছি পৌঁছানো যায় ঠিকই। তবে আমি আবারও বলছি, আমার কাছে দলের উন্নতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বর্তমানে ১৮ গোল নিয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি। তার চেয়ে মাত্র ২ গোল পিছিয়ে আছেন এমবাপ্পে। বয়স বিবেচনায় এমবাপ্পে যে মেসির রেকর্ড ভেঙে দেবেন, তা নিয়ে অনেকেই বাজি ধরছেন। ফ্রান্স কোচ দিদিয়ে দেশমও তেমনটাই আভাস দিয়ে বলেন, ‘রেকর্ড তো তৈরিই হয় ভাঙার জন্য। কিলিয়ান হয়তো মেসির মতো অত বেশি বয়স পর্যন্ত খেলবে না। তবে যতদিন মাঠে থাকবে, ও গোল করতেই থাকবে। রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার সব ক্ষমতাই ওর আছে।’
