হরমুজ প্রণালিতে কোনো ধরনের শুল্ক বা ফি ছাড়াই বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে ইরান ও ওমান। ওমানের রাজধানী মাসকাটে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। সাম্প্রতিক সময়ে ইরান হরমুজ প্রণালিকে ওমান ও তার মধ্যকার একটি দ্বিপাক্ষিক বিষয় হিসেবে তুলে ধরছে।
গত দুই সপ্তাহে এই কৌশলগত জলপথ নিয়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকবার আলোচনাও হয়েছে। বৈঠক শেষে ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি সই হওয়া প্রাথমিক চুক্তি বা সমঝোতা স্মারকের ‘হরমুজ প্রণালি’ অনুচ্ছেদটি নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই জলপথে কোনো ধরনের শুল্ক ছাড়াই জাহাজ চলাচল সচল রাখার বিষয়ে তারা প্রতিশ্রুতিবদ্ধ।
এর আগে ইরানের পক্ষ থেকে বলা হয়, এই কৌশলগত জলপথের নিরাপত্তা বজায় রাখার জন্য তারা বাণিজ্যিক জাহাজগুলোর ওপর শুল্ক আরোপ করতে চায়। ইরান আরও জানিয়েছিল, হরমুজ প্রণালির পরিস্থিতি কোনোভাবেই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে যাবে না। তবে আপাতত ওমান ও ইরানের মধ্যকার আলোচনার পর জলপথটি সবার জন্য শুল্কমুক্ত রাখার বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
