রামগঞ্জে বড় ভাইয়ের ঘর লক্ষ্য করে ছোট ভাইয়ের গুলিবর্ষণ

রামগঞ্জে বড় ভাইয়ের ঘর লক্ষ্য করে ছোট ভাইয়ের গুলিবর্ষণ

ফন্ট সাইজ:

লক্ষ্মীপুরের রামগঞ্জে বড় ভাই আবদুস সাত্তার মজুমদারের বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে ছোট ভাই সুমন মজুমদার। ঘটনাটি একটি সিসিটিভি ফুটেছে ধরা পড়ে। গুলিবর্ষণের ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমন ঘটনায় ছোট ভাই সুমন মজুমদারকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে স্থানীয় লোকজন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার পাশাপাশি মাদক ব্যবসারও অভিযোগ রয়েছে। পুলিশ বলছে, ঘটনার পর থেকে সুমন পলাতক রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। রোববার সকালের দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, বড় ভাই সাত্তার মজুমদার রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তাদের বাবার নাম ইব্রাহিম মজুমদার।

১ মিনিট ২ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, সুমন একটি পিস্তল হাতে উত্তেজিত অবস্থায় সাত্তারের বাড়িতে প্রবেশ করেন। এরপর একটি কক্ষ লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এ সময় একজন নারী তাকে থামানোর চেষ্টা করেন। একপর্যায়ে একটি ফুলের টব নিয়ে তিনি জানালার গ্লাস ভেঙে ফেলেন।

স্থানীয়ভাবে জানা গেছে, একটি এনজিও সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাই আবদুস সাত্তার মজুমদারের সঙ্গে ক্ষোভের জেরে এ ঘটনা ঘটিয়েছেন সুমন। এ বিষয়ে জানতে সোমবার দুপুরে বড় ভাই আবদুস সাত্তারের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও ফোন বন্ধ পাওয়া যায়। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। এ ঘটনার পর সে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন