নেত্রকোণায় নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন উপজেলা বিএনপি নেতা

ফন্ট সাইজ:

নেত্রকোণার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে রয়েছে। এতে ইউনিয়নের কয়েক গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। জনদুর্ভোগ কমাতে অবশেষে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন উপজেলা বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক। গত শনিবার বিকালে সরজমিন দেখা যায়, খারাপ ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বেচ্ছাসেবীরা রাস্তাটি সংস্কার করছে। স্থানীয় অটোরিকশাচালক ইসহাক মিয়া জানান, আমি গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত রাস্তাটিতে দীর্ঘদিন ধরে গাড়ি চালাই। কিন্তু গত ৩-৪ বছর ধরে রাস্তাটি মারাত্মক ঝুঁকিপূর্ণ ছিল।

অবশেষে শিক্ষা বিষয়ক সম্পাদক শফিক নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করে দেয়ায় আমরা সাময়িক স্বস্তি পাবো। উপজেলা বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শফিক বলেন, গেরিয়া থেকে আলোকদিয়া পর্যন্ত রাস্তাটির দুর্ভোগ দীর্ঘদিনের। নেত্রকোণা-২ আসনের এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হকও রাস্তাটির ভয়াবহ অবস্থার বিষয়ে অবগত আছেন। এখন বর্ষাকাল চলায় জনগণের কষ্ট আরও বেড়ে গেছে। তাই আমি নিজ উদ্যোগে যতটুকু সম্ভব সংস্কার করার চেষ্টা করছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন