কুমিল্লায় ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

কুমিল্লায় ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ফন্ট সাইজ:

কুমিল্লার মেঘনা উপজেলা সদর থেকে ঢাকায় চলাচলকারী রূপান্তর পরিবহনের বাসচালক ও সহকারীকে মারধরের অভিযোগে মেঘনা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দীন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে গতকাল রাতে ওই নোটিশ দেয়া হয়। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সোলাইমান মিয়াকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হয়েছে। এর আগে গত রোববার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর এ বিষয়ে লিখিত জবাব দেয়ার কথা বলা হয়েছে। রূপান্তর পরিবহনের মালিকপক্ষের অভিযোগ, ছাত্রদল নেতা সোলাইমান ও তার এক সফরসঙ্গী টিকিট না কেটেই লাইন ভেঙে বাসে ওঠার চেষ্টা করেন।

এ সময় বাসচালক মো. রাকিবের সহকারী নেছার উদ্দিন তাদের টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে বাসে ওঠার অনুরোধ করেন। এ নিয়ে নেছার উদ্দিন ও রাকিবের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সোলাইমান উত্তেজিত হয়ে নেছার ও রাকিবকে মারধর করেন। পরিস্থিতি অস্বাভাবিক হয়ে পড়লে বিকাল ৫টা পর্যন্ত রূপান্তর পরিবহনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ঢাকাগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে মেঘনা থানার ওসি মো. শহীদুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন এবং বাস চলাচল স্বাভাবিক করেন। দুই পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধানের আশ্বাস দেন। রূপান্তর পরিবহনের বাসমালিক মিঠু মিয়া বলেন, আহত বাসচালক ও চালকের সহকারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রয়োজনে আইনি ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান বলেন, স্থানীয় এক ব্যক্তি কিছু মালামাল নিয়ে রূপান্তর পরিবহনের বাসে ঢাকায় যাচ্ছিলেন। বাসচালকের সহকারী বাসের সাইড বক্সে মালামাল না নিয়ে যাত্রীর সঙ্গে খারাপ আচরণ করেন। সমস্যাটি সমাধানের লক্ষ্যে কথা বলতে গেলে বাসচালকের সহকারী নেছার তার সঙ্গে খারাপ আচরণ করেন। তর্ক-বিতর্কের একপর্যায়ে তাদের মধ্যে ধাক্কাধাক্কি ও মারামারি হয়। এর বেশি কিছু হয়নি। মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম বলেন, দুই পক্ষকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে সমস্যাটি সমাধানের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন