ভাঙা কালভার্ট যেন মরণ ফাঁদ

ভাঙা কালভার্ট যেন মরণ ফাঁদ

ফন্ট সাইজ:

জয়পুরহাটের পাঁচবিবির মোলান-নন্দীগ্রাম পাকা সড়কের মোলান হিন্দু পল্লীর পাশে একটি কালভার্ট ভেঙে মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলে এলাকার কয়েক গ্রামের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। সরজমিন দেখা যায়, ওই সড়কের মোলান বাজার থেকে সামান্য পূর্বে অবস্থিত কালভার্টটির বেশি অর্ধেক ভেঙে রডগুলো বের হয়ে আছে। আরেক পাশে ভাঙা কালভার্টের উপর দিয়ে অটোভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে ছোটখাটো দুর্ঘটনা ঘটলেও যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। এ ছাড়াও উৎপাদিত ধান নেয়া-আসাতে বিপাকে পড়ছেন কৃষকরা।

মোলান গ্রামের শ্রী অভিলাশ মাহাতো বলেন, সাত মাসের বেশি সময় ধরে কালভার্টটি একপাশে ধসে পড়ে আছে। দেখার কেউ নেই। হাজার হাজার মানুষকে এ রাস্তা দিয়ে চলাচল করতে হয়। বীনধারা গ্রামের ইজিবাইকচালক জলিলসহ একাধিক পথচারী বলেন, কালভার্ট ভেঙে যাওয়ায় চলাচল অনেকটা ঝুঁকিপূর্ণ। বর্তমানে এটি নাজুক অবস্থায় থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারপরও ঝুঁকি নিয়ে গাড়ি চালকদের কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে যেতে হচ্ছে। তা ছাড়া কলেজ, স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে কালভার্ট দিয়ে যানবাহনে যাতায়াত করছে।

ফলে দিন দিন ঝুঁকি আরও বাড়ছে। মোহাম্মদপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশিদা বেগম বলেন, কালভার্টটি ভেঙে যাওয়ার পর উপজেলা প্রকৌশলীকে জানানো হয়েছে। সড়কটি এলজিইডি’র অধিভুক্ত হলেও তিনি ইউনিয়ন পরিষদকে মেরামত করার কথা বলেছেন। উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন বলেন, অনেক আগেই কালভার্টটি রিপ্লেসমেন্টের জন্য ইস্টিমেট ঢাকায় পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন