চলছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা। এই উন্মাদনায় ভাসছেন বিশ্বের ফুটবলপ্রেমীরা। বাদ যাননি তারকারাও। প্রিয় দল, খেলোয়াড় ও এবারের বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। তিনি আর্জেন্টিনার তুমুল সমর্থক। মেসির জাদুকরী খেলার ভক্ত। গত বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা সরাসরি দেখতে গিয়েছিলেন তানহা। এবারের বিশ্বকাপেও উন্মাদনায় ভাসছেন এ অভিনেত্রী।
তানহা বলেন, আর্জেন্টিনা ও মেসি দুর্দান্ত ফর্মে আছে। এবারো আর্জেন্টিনা অন্যতম দাবিদার বিশ্বকাপের। মেসির জাদুকরী খেলা প্রাণভরে উপভোগ করছি। বিশেষ করে প্রথম ম্যাচেই তিনি তিনটি গোল করে হ্যাটট্রিক করেন। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে আর্জেন্টিনা সমর্থক হিসেবে। তবে আমার স্বামী ও বাবা ব্রাজিল সমর্থক। বাসায় তুমুল যুদ্ধ হয় আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে। এটাও আসলে বিশ্বকাপের একটি মজা।
এক-দেড় মাস এই মজাটা আমরা সবাই উপভোগ করি। গতবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। এটাই আমার কাছে যথেষ্ট পাওয়া। এবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে সেটা হবে বাড়তি পাওনা। শত ব্যস্ততার মাঝেও আর্জেন্টিনার খেলা মিস করছি না। আয়োজন করে খেলাগুলো দেখছি। বিশ্বকাপ আসলে পুরো বিশ্বকে এক সুতোয় বাঁধে। এটা কিন্তু বিরাট ব্যাপার।
