নিজের প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস

নিজের প্রতিষ্ঠানে ফিরলেন ড. ইউনূস

ফন্ট সাইজ:

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের এক বিশেষ মুহূর্তে অন্তর্বর্তী সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন সরকার গঠনের মধ্যদিয়ে তার সেই কর্তব্য পালন শেষ হয়েছে। এখন নিজের পুরনো অঙ্গনে নিজ দায়িত্বে ফিরেছেন তিনি। গতকাল ঢাকার মিরপুরে গ্রামীণ টেলিকম ভবনে ইউনূস সেন্টারে সরকারপ্রধানের দায়িত্ব হস্তান্তরের চারদিন পর নিজ কাজে ফেরেন প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন পুরনো সহকর্মীরা।

নোবেল বিজয়ী প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসার দর্শন প্রচার ও প্রসারে আন্তর্জাতিক থিঙ্কট্যাঙ্ক ও রিসোর্স সেন্টার হিসেবে কাজ করছে ইউনূস সেন্টার। ইউনূস সেন্টারের ফেসবুক পেজে প্রফেসর ইউনূসের সেখানে পৌঁছানো ও উষ্ণ অভ্যর্থনা জানানোর খবর দেয়া হয়। বেশ কয়েকটি ছবিও দেয়া হয় সেই পোস্টে। এই পোস্ট প্রফেসর ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। পোস্টে বলা হয়, ১৮ মাস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে নেতৃত্ব দিয়ে প্রফেসর মুহাম্মদ ইউনূস আগের জায়গায় ফিরেছেন। তিনি রোববার সকালে মিরপুরের টেলিকম ভবনে ইউনূস সেন্টারে পৌঁছালে তার দীর্ঘদিনের সহকর্মীরা আন্তরিকভাবে স্বাগত জানান। পরে তিনি গ্রামীণ ব্যাংকের সহযোগী সংগঠনগুলোর প্রতিনিধি এবং ইউনূস সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পদকে ভূষিত হন। দারিদ্র্যবিমোচনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পদক দেয়া হয়। তার সঙ্গে যৌথভাবে পদকটি পায় গ্রামীণ ব্যাংক।

বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রফেসর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ফ্রান্স থেকে এসে ২০২৪ সালের ৮ই আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি। সে সময় তিনি বলেছিলেন, তার ইচ্ছা না থাকলেও অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের চাপে তাকে এই দায়িত্ব নিতে হয়েছে।

এরপর ওই বছরের ২৪শে আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রফেসর ইউনূস বলেছিলেন, আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। আমাদের নিজ নিজ পেশায় আমরা আনন্দ পাই। দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে আমরা এ দায়িত্ব গ্রহণ করেছি।

দায়িত্ব নিয়ে রাষ্ট্রব্যবস্থায় সংস্কারকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেন প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। সেই সঙ্গে নির্বাচনের প্রস্তুতিও নিতে থাকে অন্তর্বর্তী সরকার। ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে ১৭ই ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠন করে। এর মধ্যদিয়ে অন্তর্বর্তী সরকারের দায়িত্বের অবসান ঘটে।

প্রধান উপদেষ্টা হিসেবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উঠেছিলেন প্রফেসর ইউনূস। এখনো সেখানেই রয়েছেন। ফেসবুক পোস্টে জানানো হয়, চলতি মাসের শেষদিকে যমুনা ছেড়ে ঢাকার গুলশানে নিজের বাসভবনে ফিরবেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সূত্র জানায়, ২৮শে ফেব্রুয়ারি যমুনা ছেড়ে গুলশানের বাসায় উঠতে পারেন তিনি।

,সেলিম মিয়া

৪ মাস আগে

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, আপনার সরকারের মত কোন ভালো সরকার আসে নাই।আমি মনেকরি বাংলাদেশের মতো গরিব দেশের জন্য আপনার সরকারের বিকল্প নেই।

Jahangir alam

৪ মাস আগে

Thanks Mr.Younus sir , you have given lot of to the country , nation will remember you forever , may almighty ALLAH bless you ,ameen

জিয়াউর জিন্নাহ

৪ মাস আগে

নতুন খেলা শুরু হবে নাকি, স্যার? হোক না আকেরটা। বড় মাঠের খেলোয়ার বলে কথা। খেলারাম খেলে যাও। অনেক অনেক শুভ কামনা, স্যার।

মন্তব্য করুন