রোজার সময়সূচি অনুযায়ী সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী অফিসে যান বলে জানিয়েছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ওদিকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ই মার্চ এবং এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
আতিকুর রহমান রুমন বলেন, গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়ে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান। অফিসে এত সকালে প্রধানমন্ত্রীকে দেখে অনেকে অভিভূত হয়েছেন।
সচিবালয়ে অফিসে এসে প্রধানমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা কারা কারা অফিসে এসেছেন- তার খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী মৌখিক নির্দেশনা দিয়েছেন- নির্দিষ্ট সময়ে সবাইকে অফিসে উপস্থিত হতে হবে। সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন নিয়ে সভা: সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ৩টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর বিশেষ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী ১২ই মার্চ। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের অধিবেশন কবে আহ্বান করা যায়, আমরা সে বিষয়ে আলোচনা করেছি। রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন জারি করবেন, তা অধিবেশন শুরুর কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। এ সংক্রান্ত সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতি সে অনুযায়ী সংসদ অধিবেশন আহ্বান করবেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। সেটা নির্ধারণ হয়েছে ১২ই মার্চ। তিনি বলেন, আগামী ১২ই মার্চ সংসদ অধিবেশনে কী কী কর্মসূচি থাকবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন-অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। অন্তর্বর্তী সরকারের সময়ে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে- সেগুলো উপস্থাপন করা হবে। এ ছাড়া সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালিত হবে। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।
গত ১৭ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এর পরদিন প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দপ্তরে দু’দিন অফিস করেন। গত শনিবার ছুটির দিন প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ে অফিস করেছেন।
