ক্লোন ফটোকপি মেশিন সরবরাহের চেষ্টার অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল, জামানত বাজেয়াপ্ত

ফন্ট সাইজ:

অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের জন্য ফটোকপি মেশিন সরবরাহে অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল, দরপত্রের জামানত বাজেয়াপ্ত এবং প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। রোববার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের লাইব্রেরিয়ান (চলতি দায়িত্ব) মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ অর্থবছরে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের লাইব্রেরির জন্য ‘কম্পিউটার সামগ্রী ক্রয়’ খাত থেকে একটি নতুন Toshiba e-Studio 4528AG Auto Duplex Mono Copier Machine (with RADF & Trolley) ক্রয়ের লক্ষ্যে আহূত উন্মুক্ত দরপত্রে মেসার্স সুখতারা ইন্টারন্যাশনাল, অফিস ইক্যুইপমেন্ট সলিউশনকে কার্যাদেশ দেওয়া হয়েছিল। এ লক্ষ্যে গত ১০ই জুন প্রতিষ্ঠানটির অনুকূলে কার্যাদেশ জারি করা হয়। তবে পরবর্তীতে দেখা যায়, কার্যাদেশের শর্ত অনুযায়ী সম্পূর্ণ নতুন ও আসল ফটোকপি মেশিন সরবরাহের পরিবর্তে প্রতিষ্ঠানটি নির্ধারিত স্পেসিফিকেশন ও গুণগত মানসম্পন্ন পণ্য সরবরাহে ব্যর্থ হয়। বরং তারা ক্লোন মেশিন সরবরাহের চেষ্টা করে, যা কার্যাদেশের মৌলিক শর্তের লঙ্ঘন এবং সুস্পষ্ট প্রতারণা বলে উল্লেখ করা হয়েছে।

বিষয়টি ক্রয় ও টেন্ডার কমিটির চেয়ারম্যানের মাধ্যমে অ্যাটর্নি জেনারেলের নজরে আনা হলে, পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬-এর ধারা ৬৪(৫) ও ৬৪(৬) এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ৩৪(৩) ও ১৪৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির অনুকূলে জারিকৃত কার্যাদেশ ও সংশ্লিষ্ট দরপত্র বাতিল করা হয়। এ ছাড়া অ্যাটর্নি জেনারেলের নির্দেশে প্রতিষ্ঠানের দরপত্র জামানত বাজেয়াপ্ত করা হয়েছে এবং বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কালো তালিকাভুক্ত করা হয়েছে। সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্তের বিষয়টি রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে অবহিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন